২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নারায়ণগঞ্জে মাইক্রোবাস চাপায় পুলিশ কনস্টেবল নিহত, অভিযোগ হত্যার

ফতুল্লার কাশীপুর এলাকায় ঢাকা-মুন্সীগঞ্জ সড়কে শনিবার ভোররাতে মাইক্রোবাস চাপায় শহীদুল্লাহ নামে একজন পুলিশ কনস্টেবল নিহত হয়েছেন। তবে পুলিশের অভিযোগ চেকপোস্টে থামার সংকেত দেওয়ায় মাইক্রোবাসটির চালক ইচ্ছা করেই তাকে চাপা দিয়ে হত্যা করেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 May 2008, 02:28 PM

Updated : 26 Aug 2022, 01:47 PM

নারায়ণগঞ্জ, মে ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ফতুল্লার কাশীপুর এলাকায় ঢাকা-মুন্সীগঞ্জ সড়কে শনিবার ভোররাতে মাইক্রোবাস চাপায় শহীদুল্লাহ নামে একজন পুলিশ কনস্টেবল নিহত হয়েছেন। তবে পুলিশের অভিযোগ চেকপোস্টে থামার সংকেত দেওয়ায় মাইক্রোবাসটির চালক ইচ্ছা করেই তাকে চাপা দিয়ে হত্যা করেছে। ঘটনার পরপরই চালক ও আরোহীরা মাইক্রোবাস নিয়ে পালিয়ে গেছে। গাড়ির নম্বরের সূত্র ধরে মালিকসহ এদের সনাক্তের চেষ্টা চলছে বলে পুলিশ জানিয়েছে। পুলিশ ধারণা করছে, মাইক্রোবাসটিতে বিদেশ থেকে আসা কোনো যাত্রী ছিল। বিমানবন্দর থেকে মাইক্রোবাসটি মুন্সীগঞ্জের দিকে যাচ্ছিল। মাইক্রোবাসে হয়তো অবৈধ মালামাল ছিল। মাইক্রোবাস আরোহীরা ইচ্ছাকৃত পুলিশ সদস্যকে চাপা দিয়ে চলে গেছে। এ ব্যাপারে জেলা পুলিশ লাইনের হাবিলদার আবদুর রশিদ ফতুল্লা মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন। ফতুল্লা মডেল থানার উপ-পরিদর্শক বদরুল আলম খান জানান, ঢাকা-মুন্সীগঞ্জ সড়কের কাশীপুর চেকপোস্টে জেলা পুলিশ লাইনের হাবিলদার আবদুর রশীদের নেতৃত্বে কনস্টেবল শহীদুল্লাহ, হুমায়ুন, আনোয়ার ও শেখ মাসুদ দায়িত্ব পালন করছিলেন। শনিবার ভোররাত ৩টায় একটি মাইক্রোবাস মুন্সীগঞ্জের দিকে যাচ্ছিল। মাইক্রোবাসের পেছনে লাগেজ থাকায় কর্তব্যরত পুলিশের সন্দেহ হয়। পুলিশ মাইক্রোবাসটিকে থামার নির্দেশ দেয়। কিন্তু মাইক্রোবাসটি সংকেত অগ্রাহ্য করে কর্তব্যরত পুলিশ কনস্টেবল শহীদুল্লাহকে চাপা দিয়ে হত্যা করে দ্রুত পালিয়ে যায়। তিনি জানান, মুন্সীগঞ্জের নবনির্মিত মুক্তারপুর সেতু অতিক্রমের সময় সেখানে কর্মরত লোকজন মাইক্রোবাসটির নম্বর সংগ্রহ করে রাখে। নিহত শহীদুল্লাহর (কনস্টেবল নম্বর-১১৮৬) বাড়ী ফরিদপুর জেলার ভাঙ্গায়। শনিবার দুপুরে জেলা পুলিশ লাইনে নামাজে জানাজার পরে নিহতের মরদেহ দাফনের জন্য তার গ্রামের বাড়িতে পাঠানো হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২০২৫ ঘ.