সিরাজগঞ্জ, মে ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- শুষ্ক মৌসুমেই সিরাজগঞ্জ ও বগুড়া জেলায় যমুনার পশ্চিম তীরের বিস্তীর্ণ এলাকাজুড়ে ভাঙন দেখা দিয়েছে। ভাঙন প্রতিরোধে বাস্তবমুখী কোনো পদক্ষেপ নেওয়া না হলে ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা প্রকাশ করেছেন পানি উন্নয়ন বোর্ডের একজন কর্মকর্তা।
বগুড়া পানি উন্নয়ন বোর্ডের তত্ত্ববধায়ক প্রকৌশলী শেখ আব্দুল মোমিন জানান, যমুনার গতিপথ পরিবর্তনের ফলে উজানের পানির স্রোত যমুনার পশ্চিম তীরের ব্রম্মপুত্র বন্যা নিয়ন্ত্রণ বাঁধে সরাসরি আঘাত হানছে।
তিনি বলেন, "এতে বর্ষা মৌসুমে যমুনা সিরাজগঞ্জে ইচ্ছামতি নদীর সঙ্গে এবং বগুড়া জেলায় বাঙ্গালী নদীর সঙ্গে মিশে যাওয়ার আশঙ্কা করা হচ্ছে।"
সরেজমিনে ভাঙন কবলিত এলাকা ঘুরেও দেখা গেছে, সিরাজগঞ্জ জেলার শৈলাবাড়ি সিমলা ও মাইজবাড়ি এবং বগুড়া জেলার ভ্যান্ডারবাড়ি তালুকদার পাড়া ও কার্ণবাড়িতে যমুনা নদীর পশ্চিম তীরবর্তী অঞ্চলজুড়ে ব্যাপক ভাঙন চলছে।
শুক্রবার পাউবো-এর মহাপরিচালক হোসেন শহীদ মেজাদ্দাদ ফারুকের নেতৃত্বে একটি প্রতিনিধিদল সিরাজগঞ্জ জেলার সদর উপজেলার রানীগ্রাম, খোকশাবাড়ি, শৈলাবাড়ি, সিমলা, কাজীপুর উপজেলার শুভগাছা, মেঘাই ও মাইজবাড়ি; বগুড়া জেলার ধুনুট উপজেলার ভ্যাণ্ডারবাড়ি এবং সারিয়াকান্দা উপজেলার তালুকদারপাড়া, কার্বাড়ি ও কালিতলা অঞ্চল পরিদর্শন করেন।
পরে সিরাজগঞ্জ ও বগুড়া জেলার সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে প্রতিনিধিদলটি বৈঠক করে ভাঙন কবলিত স্থানে জরুরি ভিত্তিতে বিকল্প বাঁধসহ তীর প্রতিরক্ষামূলক প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার নির্দেশ দেয়।
এ ব্যাপারে পাউবো-এর মহাপরিচালক হোসেন শহীদ মেজাদ্দাদ ফারুক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "শুষ্ক মৌসুমেই সিরাজগঞ্জ ও বগুড়া জেলার যমুনা নদীর পশ্চিম তীরে ব্যাপক ভাঙন দেখা দিয়েছে। আগামী বর্ষার আগে এসব অঞ্চলে ভাঙন প্রতিরোধে জরুরি পদক্ষেপ নেওয়া হয়েছে এবং হচ্ছে।"
তিনি জানান, পাউবো কর্মকর্তারা মাঠ পর্যায়ে কি ধরনের পদক্ষেপ নিচ্ছে এবং তাদের কোন ত্র"টি বিচ্যুতি আছে কি না তা পর্যবেক্ষণে প্রতিনিধিদলটি ওই এলাকা পরিদর্শন করেছে।
সিরাজগঞ্জ থেকে কাজীপুর পর্যন্ত প্রায় ৩০ কিলোমিটার অংশে পশ্চিম তীরে স্থায়ী নিয়ন্ত্রণ বাঁধ তৈরির পরিকল্পনা করা হচ্ছে বলেও জানান তিনি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এএল/এমএসবি/জিএনএ/১৯০১ ঘ.
bdnews24