২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পুকুরে ডুবে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ছাত্রের মৃত্যু

খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (খুয়েট) যন্ত্রকৌশল বিভাগের ১ম বর্ষের ছাত্র জুনায়েদ রহমান পিয়াল (১৯) ক্যাম্পাসের একটি পুকুরে গোসল করতে গিয়ে ডুবে মারা গেছে। তার বাড়ি ঢাকার ফার্মগেটের পূর্ব তেস্তুরি বাজার।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 May 2008, 04:09 PM

Updated : 26 Aug 2022, 01:47 PM

খুলনা, মে ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (খুয়েট) যন্ত্রকৌশল বিভাগের ১ম বর্ষের ছাত্র জুনায়েদ রহমান পিয়াল (১৯) ক্যাম্পাসের একটি পুকুরে গোসল করতে গিয়ে ডুবে মারা গেছে। তার বাড়ি ঢাকার ফার্মগেটের পূর্ব তেস্তুরি বাজার। শুক্রবার সকালে সহপাঠীদের সঙ্গে গোসল করতে নেমে সাঁতার কাটার সময় সে ডুবে যায় বলে তার সহপাঠিরা জানায়। খুয়েটের জনসংযোগ কর্মকর্তা মো. আব্দুর রহমান জানান, শুক্রবার সকাল ১০টায় নাস্তা সেরে পিয়াল ও তার তিন সহপাঠী বিশ্ববিদ্যালয়ের খানজাহান আলী হলের পাশের পুকুরে গোসল করতে যায়। তারা পুকুরের অপর পাড়ে যাওয়ার জন্য সাঁতার দেয়। পিয়ালের বন্ধু সঙ্গীত সাঁতরে অপর পাড়ে পৌঁছে দেখে পিছনে সে নেই। পিয়ালকে খুঁজে না পেয়ে তার সহপাঠিরা শিক্ষকদের খবর দেয়। শিক্ষকরা দমকল অফিসে খবর দিলে ডুবুরী এসে সকাল সাড়ে ১০টার দিকে পুকুর থেকে পিয়ালের লাশ উদ্ধার করে। লাশ খুলনা মেডিকেল কলেজের হিমঘরে রাখা হয়েছে। পিয়ালের বাবা ডা. ফজলুর রহমান ঢাকার বিএভিএস এবং মা ডা. জেবুন্নেসা ইউএনডিপি ঢাকা অফিসে কর্মরত। এদিকে, খুলনার রূপসা উপজেলার নেহালপুর গ্রামে একটি গাছ থেকে শুক্রবার আব্দুর রহমান (২৮) নামের এক ভ্যানচালকের ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। আব্দুর রহমান একই উপজেলার নৈহাটি গ্রামের মৃত রাঙ্গা মিয়া শেখের ছেলে। রূপসা থানার উপ-পরিদর্শক আজমল হুদা জানান, পুলিশ আব্দুর রহমানের লাশ নেহালপুর গ্রামের মহসীনের বাগানে অর্জুন গাছে ঝুলন্ত অবস্থায় দেখতে পায়। সেখান থেকে লাশ উদ্ধার করে হাসপাতালে প্রেরণ করা হয়। তার শরীরে আঘাতের চিহ্ন পাওয়া গছে এবং বাম চোখ ও মুখ দিয়ে রক্ত পড়ছিল। এ ব্যাপারে রূপসা থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/এমএসবি/২২০১ ঘ.