ঢাকা, মে ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- খাদ্য নিরাপত্তার জন্য সরকারকে টাস্কফোর্স গঠন করার পরামর্শ দিয়েছেন অর্থনীতিবিদ ড. ওয়াহিদউদ্দিন মাহমুদ।
শুক্রবার ধানমণ্ডির ছায়ানট ভবনে ইন্সটিটিউট অব মিডিয়া অ্যান্ড কমিউনিকেশন স্টাডিজ আয়োজিত 'ক্ষুধা এবং খাদ্য নিরাপত্তা: সংবাদ মাধ্যমের অংশগ্রহণ' শীর্ষক দু'দিনের কর্মশালার উদ্বোধনীতে তিনি এ কথা বলেন।
ওয়াহিদউদ্দিন মাহমুদ বলেন, "উৎপাদন, চাহিদা, যোগান এবং বিতরণের মধ্যে সামঞ্জস্য নিশ্চিত করতে সরকারের উচিত 'খাদ্য নিরাপত্তা ও সরবরাহ' ও 'কৃষি উৎপাদনে নীতি নির্ধারন'-এ দুটি ক্ষেত্রে টাস্কফোর্স গঠন করা। এতে কৃষক উৎপাদিত পণ্যের ন্যায্য মূল্য পাবে।"
সারাবিশ্বের খাদ্য পরিস্থিতি বুঝে সরকারকে এ ব্যাপারে সিদ্ধান্ত নেওয়ার আহ্বান জানান তিনি।
অর্থনৈতিক দৃষ্টিকোণ থেকে দারিদ্র্য হ্রাস পেলেও খাদ্য দারিদ্র্য কমেনি মন্তব্য করে তিনি বলেন, "এখনও বাংলাদেশের উল্লেখযোগ্য সংখ্যক সাধারণ মানুষ অপুষ্টিতে ভুগছে। নীরব দুর্ভিক্ষ বা মঙ্গা যাই বলা হোক না কেন- এর বৈজ্ঞানিক গবেষণা হওয়া প্রয়োজন।"
সরকারের জন্য কঠিন হলেও দিন মজুর ও প্রান্তিক কৃষকদের কথা বিবেচনা করে চালের জন্য সবদিক দিয়ে সঙ্গতিপুর্ণ দাম (অপটিমাম প্রাইস) নির্ধারণ করার পরামর্শ দেন তিনি।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর খন্দকার ইব্রাহিম খালেদ, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের কৃষি অর্থনীতি বিভাগের অধ্যাপক এম এ সাত্তার মণ্ডল ও সেন্টার ফর পলিসি ডায়ালগের সিনিয়র রিসার্চ ফেলো ফাহমিদা আক্তার বক্তব্য রাখেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএস/টিএইচ/জেকে/২১২৫ ঘ.
bdnews24