২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পোশাক শ্রমিকদের মজুরি বৃদ্ধিতে পদক্ষেপ নেওয়ার আশ্বাস শ্রম উপদেষ্টার

পোশাক শ্রমিকদের মজুরি বাড়াতে পদক্ষেপ নেওয়ার আশ্বাস দিয়েছেন শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা আনোয়ারুল ইকবাল। পোশাক খাতে শ্রমবান্ধব শিল্পকারখানা গড়ার ক্ষেত্রে সরকারের পক্ষ থেকে সব ধরনের সহায়তা দেওয়া হবে বলেও জানিয়েছেন তিনি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 May 2008, 12:01 PM

Updated : 26 Aug 2022, 01:47 PM

ঢাকা, মে ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পোশাক শ্রমিকদের মজুরি বাড়াতে পদক্ষেপ নেওয়ার আশ্বাস দিয়েছেন শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা আনোয়ারুল ইকবাল। পোশাক খাতে শ্রমবান্ধব শিল্পকারখানা গড়ার ক্ষেত্রে সরকারের পক্ষ থেকে সব ধরনের সহায়তা দেওয়া হবে বলেও জানিয়েছেন তিনি। শুক্রবার রাজধানীর ওসমানী মিলনায়তনে এক সেমিনারে তিনি বলেছেন, দ্রব্যমূল্য বৃদ্ধিতে সীমিত আয়ের মানুষদের অসুবিধা হচ্ছে। শ্রমিকদের মজুরি বৃদ্ধির বিষয়ে সরকারও পদক্ষেপ নেবে। আর পোশাক খাতে শ্রমবান্ধব শিল্প কারখানা গড়ে তোলা দরকার। এ খাতকে এগিয়ে নিতে সব ধরনের সহায়তা দেওয়া হবে। 'রপ্তানি প্রবৃদ্ধি ও কমপ্লায়েন্স: প্রেক্ষিত বাংলাদেশ নিট শিল্প খাত' শীর্ষক ওই সেমিনার যৌথভাবে আয়োজন করে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় এবং বিকেএমইএ। সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে উপদেষ্টা আনোয়ারুল ইকবাল বলেন, "দেশের পোশাক খাতে শ্রমবান্ধব শিল্পকারখানা গড়ে তোলা দরকার। শ্রমবান্ধব কারখানা হলে শ্রমিকরা উৎসাহ নিয়ে কাজ করে এ শিল্পকে এগিয়ে নিতে সাহায্য করবে। বর্তমান সরকার পোশাক ও নিটওয়্যার খাতকে এগিয়ে নিতে সব ধরনের সহযোগিতা করবে।" পাশাপাশি নিটওয়্যারসহ তৈরী পোশাক খাতের শ্রমিকদের সুযোগ-সুবিধা বাড়ানোর জন্য বাংলাদেশ নিটওয়্যার ম্যানুফ্যাকচারার্স ও এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন (বিকেএমইএ) ও বাংলাদেশ তৈরী পোশাক উৎপাদক ও রপ্তানিকারক সমিতিকে (বিজিএমএ) সরকারের পক্ষ থেকে ইতোমধ্যে অনুরোধ করা হয়েছে বলে উপদেষ্টা জানান। তিনি বলেন, "দ্রব্যমূল্য বৃদ্ধিতে সীমিত আয়ের মানুষদের অসুবিধা হচ্ছে। বিকেএমইএ এরই মধ্যে শ্রমিকদের মজুরি বাড়াতে সরকারকে প্রতিশ্র"তি দিয়েছে। শ্রমিকদের মজুরি বৃদ্ধির বিষয়ে সরকারও পদক্ষেপ নেবে।" সেমিনারে বিকেএমইএ সভাপতি ফজলুল হক নিটওয়্যার খাতের শ্রমিকদের জন্য রেশনিং চালুর ঘোষণা দিয়ে বলেন, "নিটওয়্যার শ্রমিকদের জন্য সোমবার থেকে অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে রেশনিং ব্যবস্থা চালু করা হচ্ছে। প্রথম পর্যায়ে নারায়ণগঞ্জের ফতুল্লা ও বিসিক শিল্পনগরীতে এ কার্যক্রম শুরু হবে।" শ্রমিক সংগঠন, সরকার ও মালিক পক্ষের সঙ্গে আলোচনা করে আগামী দুই-এক মাসের মধ্যে শ্রমিকদের মজুরি বাড়ানো হবে বলেও ফজলুল হক জানান। সেমিনারে উপস্থিত ছিলেন শ্রম ও কর্মসংস্থান সচিব ড. মাহফুজুল হক, বিকেএমইএ'র সহ-সভাপতি এ এম বাসেত, সুলভ চৌধুরী প্রমুখ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/একেএম/এমআই/১৮০০ ঘ.