২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাজধানীতে দুই শিশুর গলিত লাশ উদ্ধার

রাজধানীর মগবাজার এলাকার একটি পরিত্যাক্ত বাসা থেকে মেহেদী (৮) ও জুয়েল (১০) নামে দুই শিশুর গলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। গত ২৯ এপ্রিল তারা নিখোঁজ হয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 May 2008, 04:48 PM

Updated : 26 Aug 2022, 01:47 PM

ঢাকা, মে ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর মগবাজার এলাকার একটি পরিত্যাক্ত বাসা থেকে মেহেদী (৮) ও জুয়েল (১০) নামে দুই শিশুর গলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। গত ২৯ এপ্রিল তারা নিখোঁজ হয়। মেহেদীর বাবার নাম সিদ্দিক শেখ আর জুয়েলের বাবার নাম আলাউদ্দিন। তাদের বাসা মিরেরবাগ বস্তিতে। পুলিশ ধারণা করছে, অপহরণের পর ওই দুই শিশুকে হত্যা করা হয়। রমনা থানার উপ-পরিদর্শক হাবিবুর রহমান জানান, বৃহস্পতিবার বিকেল ৫টার দিকে মগবাজার টিএন্ডটি কলোনির পাশে নয়াটোলা ১১৪ নম্বর বাসা থেকে পুলিশ লাশ দু'টি উদ্ধার করে। এলাকার মানুষ দূর্গন্ধ পেয়ে খবর দিলে পুলিশ সেখানে যায়। শিশু দুটির পরিবারের সদস্যদের বরাত দিয়ে একই থানার দ্বিতীয় শীর্ষ কর্মকর্তা কামাল হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, মেহেদী ও জুয়েল গত ২৯ এপ্রিল সকালে বাসা থেকে বেরুনোর পর আর ফেরেনি। কামাল হোসেন জানান, যে বাড়ি থেকে লাশ দুটি উদ্ধার করা হয়েছে তার মালিক শিক্ষা মন্ত্রণালয়ের এক সাবেক কর্মকর্তা। সেখানে কেউ থাকতো না। ঘটনাস্থলে কনডমসহ বিভিন্ন আলামত পাওয়ায় পুলিশ ধারণা করছে, শিশু দুটির ওপর যৌন নির্যাতন চালানো হয়ে থাকতে পারে। পরে পরিচয় প্রকাশ হওয়ার ভয়ে অপহারণকারীরা তাদের হত্যা করে।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/জিএমএ/এএনএস/পিসি/জেকে/২২৩৫ ঘ.