ঢাকা, মে ১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সততা বজায় রেখে অপরাধ সাংবাদিকতা করার জন্য সাংবাদিকদের প্রতি আহ্বান জানিয়েছেন সাবেক প্রধান বিচারপতি সৈয়দ জে আর মোদাচ্ছির হোসেন।
বৃহস্পতিবার সেগুন বাগিচায় শিল্পকলা একাডেমীর জাতীয় সংগীত ও নৃত্যকলা মিলনায়তনে বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশন (ক্র্যাব) আয়োজিত 'ক্রাইম রিপোর্টিং: প্রেক্ষিত বাংলাদেশ' শীর্ষক আলোচনা সভায় তিনি এ আহ্বান জানান।
প্রধান অতিথির বক্তব্যে মোদাচ্ছির হোসেন বলেন, "চ্যালেঞ্জের মধ্য দিয়ে বাংলাদেশের সাংবাদিকতা পেশাকে আরো উন্নত করতে হবে। সেই সঙ্গে অপরাধ সাংবাদিকদেরও সততা ও বস্তুনিষ্ঠতা বজায় রেখে কাজ করতে হবে।"
অসত্য ও মিথ্যা প্রতিবেদন প্রকাশ করা থেকে সাংবাদিকদের সবসময় দূরে থাকার আহ্বান জানান তিনি।
ক্র্যাবের সভাপতি মধুসূধন মণ্ডলের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে আলোচনা সভায় সাবেক উপদেষ্টা ও দৈনিক ইন্ডিপেন্ডেন্ট এর সম্পাদক এম মাহাবুবুল আলম, বাংলাদেশ তৈরি পোশাক উৎপাদক ও রপ্তানিকারক সমিতির (বিজিএমএ) সভাপতি আনোয়ার উল আলম চৌধুরী পারভেজ, সিনিয়র সাংবাদিক গাফ্ফার মাহমুদ, খায়রুজ্জামান কামাল, ফকরুল আলম কাঞ্চন ও আখতারুজ্জামান লাভলু উপস্থিত ছিলেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলএইচ/একেএম/টিএইচ/জেকে/২২০৬ ঘ.
bdnews24