সাভার, মে ১ (বিডিনিউজ টোয়েন্টিাফোর ডটকম)- চিকিৎসকের হাতে এক শিক্ষার্থী প্রহৃত হওয়ার ঘটনায় সাভারে পক্ষাঘাতগ্রস্তদের চিকিৎসা ও পুনর্বাসন কেন্দ্র (সিআরপি) পরিচালিত বাংলাদেশ হেল্থ প্রফেশন্স ইনস্টিটিউটের শিক্ষার্থীরা বুধবার থেকে অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতি শুরু করেছে।
গত রোববার সকালে ইনস্টিটিউটের ডিপ্লোমা ইন নার্সিং বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী জনি অপারেশন থিয়েটারে দায়িত্বপালনের সময় কথাকাটাকাটির জের ধরে সিআরপির চিকিৎসক ডা. শামীম খান তাকে মারধর করেন। ঘটনার পর জনি কর্তৃপক্ষের কাছে লিখিত আবেদনে ওই চিকিৎসকের শাস্তি দাবি করেন।
কর্তৃপক্ষ ওই চিকিৎসকের বিরুদ্ধে কোনো শাস্তিমূলক ব্যবস্থা না নেওয়ায় মঙ্গলবার সকাল ৭টা থেকে ৯টা পর্যন্ত কালো ব্যাজ পরে কর্মবিরতি পালন করে। এরপরও কর্তৃপক্ষ ব্যবস্থা না নেওয়ায় শিক্ষার্থীরা বুধবার দুপুর সাড়ে ১২টা থেকে অনির্দিষ্টকালের কর্মবিরতি শুরু করে।
আন্দোলনরত শিক্ষার্থীরা বলেন, শামীম খান নার্সের পোশাক পরা শিক্ষার্থীকে মারধর করে নার্সিং পেশার প্রতি অসম্মান করেছেন। দোষী চিকিৎসকের বিচার না হওয়া পর্যন্ত কর্মবিরতি চলবে।
জনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "আমাদের এখানে কোনো চিকিৎসকের হাতে শিক্ষার্থী প্রহারের ঘটনা এবারই প্রথম। কিন্তু প্রশাসন কোনো ব্যবস্থা না নিয়ে দোষী চিকিৎসককে প্রশ্রয় দিচ্ছে।"
ডা. শামীম খান এ ব্যাপারে কোনো মন্তব্য করতে রাজি হননি।
ইনস্টিটিউটের অধ্যক্ষ অধ্যাপক মো. হাসান আলী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "ডা. শামীম শিক্ষার্থীকে মারধর করে অবশ্যই অন্যায় করেছেন। ওই ঘটনার জন্য বুধবার তিনি সংশ্লিষ্ট ছাত্রের কাছে দুঃখ প্রকাশও করেছেন। কিন্তু শিক্ষার্থীরা তারপরও কর্মবিরতি পালন করছে।"
আগামী রোববার এ ব্যাপারে মিমাংসায় আসা সম্ভব হবে বলে আশা প্রকাশ করেন তিনি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/টিএইচ/জেকে/২০৩৫ ঘ.
bdnews24