চট্টগ্রাম, মে ১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নগরীর টাইগার পাস এলাকায় বৃহস্পতিবার সকালে কামরুল ইসলাম (২৫) নামে এক ছিনতাইকারী গণপিটুনিতে নিহত হয়েছে।
পুলিশ কামরুলের কাছ থেকে একটি দেশি বন্দুক, একটি ছুরি এবং লুট করা মোবাইল ফোন উদ্ধার করেছে।
কোতোয়ালী থানার দায়িত্বরত কর্মকর্তা উপ পরিদর্শক আকরাম হোসেন জানান, সকাল নয়টার দিকে টাইগার পাস এলাকায় এক পথচারীর কাছ থেকে অস্ত্রের মুখে মোবাইল ফোন ও টাকা ছিনতাইয়ের সময় জনতা কামরুলকে হাতে নাতে ধরে ফেলে। পরে পুলিশ গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে।
চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির দায়িত্বরত কর্মকর্তা উপ পরিদর্শক জহুরুল হক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, পুলিশ কামরুলকে সকাল নয়টার দিকে হাসপাতালে ভর্তি করে। সকাল সাড়ে দশটার দিকে সে মারা যায়।
উপ পরিদর্শক আকরাম জানান, কামরুল নগরীর বেবী সুপার মার্কেট এলাকায় থাকতেন।
তাৎক্ষণিকভাবে এ ব্যাপারে কোনো মামলা হয়নি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/আরএআর/জেকে/১৮১২ ঘ.
bdnews24