২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মিয়ানমার উপকূলের দিকে অগ্রসর হচ্ছে অস্থির নার্গিস

বঙ্গোপসাগরে অবস্থানরত প্রবল ঘূর্ণিঝড় 'নার্গিস' আরও কিছুটা পূর্ব-দক্ষিণপূর্বে দিকে অগ্রসর হয়েছে। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, এখনকার গতিবিধি বজায় থাকলে নার্গিসের বাংলাদেশ উপকূলে আসার আশঙ্কা কম। তবে শুরু থেকেই এটি এতবার দিক বদলেছে যে নিশ্চিত করে কিছুই বলা যাচ্ছে না। এদিকে ভারতীয় আবহাওয়া বিভাগ জানিয়েছে, শুক্রবার সন্ধ্যা নাগাদ নার্গিস মিয়ানমার উপকূল অতিক্রম করতে পারে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 May 2008, 09:20 AM

Updated : 26 Aug 2022, 01:47 PM

ঢাকা, মে ১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - আরও কিছুটা পূর্ব-দক্ষিণপূর্বে দিকে অগ্রসর হয়ে মিয়ানমারের দিকে এগুচ্ছে বঙ্গোপসাগরে অবস্থানরত প্রবল ঘূর্ণিঝড় 'নার্গিস'। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, এখনকার গতিবিধি বজায় থাকলে নার্গিসের বাংলাদেশ উপকূলে আসার আশঙ্কা কম। তবে শুরু থেকেই এটি এতবার দিক বদলেছে যে নিশ্চিত করে কিছুই বলা যাচ্ছে না। এদিকে ভারতীয় আবহাওয়া বিভাগ জানিয়েছে, শুক্রবার সন্ধ্যা নাগাদ নার্গিস মিয়ানমার উপকূল অতিক্রম করতে পারে। বৃহস্পতিবার রাত ৯টায় নার্গিস কক্সবাজার সমুদ্র বন্দর থেকে ৬১৫ কিলোমিটার দক্ষিণ-দক্ষিণ পশ্চিমে অবস্থান করছিল। ঘূর্ণিঝড়ের কারণে আবহাওয়া অধিদপ্তর চট্টগ্রাম ও কক্সবাজার সমুদ্র বন্দরকে চার নম্বর হুঁশিয়ারি সতর্ক সঙ্কেত এবং মংলা বন্দরকে দুই নম্বর দূরবর্তী হুঁশিয়ারি সংকেত দেখাতে বলেছে। উত্তর বঙ্গোপসাগরে সব মাছ ধরার নৌযানকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত নিরাপদ আশ্রয়ে থাকতে বলা হয়েছে। আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, ঘূর্ণিঝড়ের প্রভাবে উপকূলীয় জেলা কক্সবাজার, চট্টগ্রাম, নোয়াখালী, লক্ষ্মীপুর, ভোলা এবং অদূরবর্তী দ্বীপ ও চর এলাকা স্বাভাবিকের জোয়ারের চেয়ে ৩ থেকে ৫ ফুট উচ্চতার জলোচ্ছাসে প্লাবিত হতে পারে। আবহাওয়া অধিদপ্তরের মূখ্য আবহাওয়াবিদ সুজিত কুমার দেব শর্মা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "প্রবল ঘূর্ণিঝড় নার্গিসের এখনকার গতিবিধি বজায় থাকলে এটির বাংলাদেশের উপকূলের দিকে আসার আশঙ্কা কম। তবে শুরু থেকেই এটি এতবার দিক পরিবর্তন করেছে যে নিশ্চিত করে কিছুই বলা যাচ্ছে না। ঝড়টির আচরণ যথেষ্ট এলোমেলো।" আবহাওয়া অধিদপ্তরের বিশেষ বুলেটিনে বলা হয়েছে, নার্গিস বৃহস্পতিবার রাত ৯টায় চট্টগ্রাম সমুদ্র বন্দর থেকে ৭০৫ কিলোমিটার দক্ষিণ-দক্ষিণ পশ্চিমে, কক্সবাজার সমুদ্র বন্দর থেকে ৬১৫ কিলোমিটার দক্ষিণ-দক্ষিণ পশ্চিমে এবং মংলা সমুদ্র বন্দর থেকে ৭১৫ কিলোমিটার দক্ষিণে অবস্থান করছিল। এটি আরও জোরদার হয়ে উত্তর-পূর্ব দিকে অগ্রসর হতে পারে। ঘূর্ণিঝড় কেন্দ্রের ৬৪ কিলোমিটারের মধ্যে বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ৯০ কিলোমিটার, যা দমকা বা ঝড়ো হাওয়ার আকারে ১১৫ কিলোমিটার পর্যন্ত বাড়ছে। এ কারণে উত্তর বঙ্গোপসাগর খুবই উত্তাল। যুক্তরাষ্ট্রের ঘূর্ণিঝড় সতর্কীকরণ কেন্দ্র জয়েন্ট টাইফুন ওয়ার্নিং সেন্টার তাদের সর্বশেষ বুলেটিনে জানিয়েছে, ঘূর্ণিঝড়টি মিয়ানমারের রাজধানী ইয়াঙ্গুন থেকে আনুমানিক ৫৯৩ কিলোমিটার পশ্চিমে অবস্থান করছে। সর্বশেষ ৬ ঘণ্টায় ঝড়টি ৯ নটিক্যাল মাইল এগিয়েছে। এদিকে বৃহস্পতিবার বিকালে খাদ্য ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে আবহাওয়া বিশেষজ্ঞদের বৈঠকের পর মন্ত্রণালয়ের সচিব মোল্লা ওয়াহেদুজ্জামান জানান, ঘূর্ণিঝড়ের জন্য সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে উপকূলীয় জেলা চট্টগ্রাম, কক্সবাজার, ভোলা, নোয়াখালী, লক্ষ্মীপুর ও বাগেরহাটের জেলা প্রশাসকদের সব ধরনের প্রস্তুতি নেওয়ার নির্দেশ দেয়া হয়েছে। ওই ছয় জেলায় নিয়ন্ত্রণ কক্ষ খোলা হয়েছে এবং স্থানীয় জনসাধারণের জানমাল রক্ষায় রেড ক্রিসেন্টকেও জনসচেতনতামূলক কর্মসূচি নিতে বলা হয়েছে। এছাড়া খাদ্য ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়, দুর্যোগ ব্যবস্থাপনা ব্যুরো, ত্রাণ ও পুনর্বাসন অধিদপ্তর এবং ঘূর্ণিঝড় প্রস্তুতি কর্মসূচির ঢাকা অফিসসহ সংশ্লিষ্ট জেলা অফিসে সার্বক্ষণিক নিয়ন্ত্রণ কক্ষ খোলার নির্দেশ দেয়া হয়েছে। ঘূর্ণিঝড় সংক্রান্ত যে কোনো বিষয়ে খাদ্য ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের নিয়ন্ত্রণ কক্ষে যোগাযোগ করার জন্য সবার প্রতি অনুরোধ করা হয়েছে। নিয়ন্ত্রণ কক্ষের ফোন নম্বর ৭১৬০৪৫৪, ৭১৬২১১৬ ও ৭১৬৪১১৫। বন্দর সচিব সৈয়দ ফরহাদ উদ্দিনের বরাত দিয়ে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের চট্টগ্রাম প্রতিবেদক জানান, নার্গিসের কারণে চট্টগ্রাম বন্দরে দুই মাত্রার সতর্কতা (এলার্ট-২) জারি করা হয়েছে। বন্দরের স্বাভাবিক কাজকর্ম চালু থাকলেও সাগরে অবস্থানরত জাহাজগুলোকে সতর্ক থাকতে বলা হয়েছে। ছোট ও হালকা জাহাজগুলো ইতোমধ্যে বন্দরের উজানে কর্ণফুলী নদীতে নোঙ্গর করা শুরু করেছে। সন্ধ্যা ৭টায় আমাদের কক্সবাজার প্রতিনিধি জানান, কক্সবাজার ও আশেপাশের এলাকার আবহাওয়া স্বাভাবিক। তবে সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে জেলা প্রশাসন ঘূর্ণিঝড়ের প্রস্ততি নিতে শুরু করেছে। বিকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক প্রস্তুতি সভায় জানানো হয়, বিপদ সংকেত ৭ নম্বরে আসলে উপকূলীয় এলাকার লোকজনকে সরিয়ে নেয়ার কাজ শুরু হবে। জেলা প্রশাসক সাজ্জাদুল হাসানের সভাপতিত্বে ওই সভায় জানানো হয়, জেলার ৫৩৭টি ঘূর্ণিঝড় আশ্রয়কেন্দ্র প্রস্তুত রাখা হয়েছে। এছাড়া জেলা ত্রাণ ও পূনর্বাসন কর্মকর্তার কার্যালয়ে নিয়ন্ত্রণ কক্ষ খোলা হয়েছে। টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা আলতাফ হোসেন চৌধুরী সন্ধ্যায় জানান, প্রয়োজনে সেন্টমার্টিন দ্বীপের লোকজনকে সরিয়ে আনার জন্য প্রস্তুতি নেয়া হয়েছে। পটুয়াখালী প্রতিনিধি জানান, সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে আভ্যন্তরীণ ও দূরপাল্লার সব নৌ রুটে লঞ্চ চলাচল বন্ধ করে দিয়েছে বন্দর কর্তৃপক্ষ। বন্দর কর্মকর্তা মো. শহিদুল্লাহ মিয়া জানান, বৃহস্পতিবার বিকাল ৪টা থেকে পটুয়াখালীর সঙ্গে সঙ্গে চলাচলকারী সব রুটের লঞ্চ চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে। পটুয়াখালীর জেলা প্রশাসক এ জি এম মশিউর আলম জানান, উপজেলা প্রশাসনকে সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে। রেড ক্রিসেন্টের কর্মীদেরও প্রস্তুত থাকতে বলা হয়েছে। ভোলা প্রতিনিধি জানান, সেখানে জেলা প্রশাসনের উদ্যোগে একটি নিয়ন্ত্রণ কক্ষ খোলা হয়েছে। উপকূলীয় চলগুলোতে মাইকের মাধ্যমে জনসাধারণকে সতর্ক থাকতে এবং আবহওয়া বেশি খারাপ হলে স্থানীয় ঘূর্ণিঝড় আশ্রয় কেন্দ্রে আশ্রয় নিতে অনুরোধ করা হচ্ছে। জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকতা মো. আনসার আলীর বরাত দিয়ে বাগেরহাট প্রতিনিধি জানান, বুধবার জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটি সভা করে জেলার সব সারকারি কার্যালয়ের কর্মচারীদের ছুটি বাতিল করেছে। মংলা, রামপাল, মোড়েলঞ্জ ও শরণখোলা উপজেলাকে ঝুঁকিপূর্ণ উপজেলা হিসেবে চিহ্নিত করে বিশেষ সতর্কাবস্থা নিতে বলা হয়েছে। জেলার ঘূর্ণিঝড় আশ্রয়কেন্দ্রগুলোকে প্রস্তুত রাখতে বলা হয়েছে। এদিকে মংলা বন্দরের চেয়াম্যান আশরাফ মো. ইকবাল জানান, বন্দরে ক্লিংকারবাহী পামানার জাহাজ আশার ই মুস্তফা থেকে মাল খালাসের কাজ চলছে। বন্দরের ২৭টি জলযানকে নিরাপদ স্থানে রাখা হয়েছে। সংকেত আরো বাড়লে এসব জলযান খুলনায় পাঠিয়ে দেয়া হবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআরএফ/টিএইচ/জেকে/২৩৪০ ঘ.