২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঘূর্ণিঝড় মোকাবেলায় প্রস্তুতি নিতে প্রধান উপদেষ্টার নির্দেশ

বঙ্গোপসাগরে সৃষ্ট প্রবল ঘূর্ণিঝড় 'নার্গিস' মোকাবেলায় আগাম প্রস্তুতি গ্রহণ এবং সার্বক্ষণিক পর্যবেক্ষণের জন্য সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা ফখরুদ্দীন আহমদ। বুধবার বিকেলে প্রধান উপদেষ্টার কার্যালয়ে উপদেষ্টা পরিষদের বৈঠকে তিনি এই নির্দেশ দেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Apr 2008, 02:52 PM

Updated : 26 Aug 2022, 01:47 PM

ঢাকা, এপ্রিল ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বঙ্গোপসাগরে সৃষ্ট প্রবল ঘূর্ণিঝড় 'নার্গিস' মোকাবেলায় আগাম প্রস্তুতি গ্রহণ এবং সার্বক্ষণিক পর্যবেক্ষণের জন্য সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা ফখরুদ্দীন আহমদ। বুধবার বিকেলে প্রধান উপদেষ্টার কার্যালয়ে উপদেষ্টা পরিষদের বৈঠকে তিনি এই নির্দেশ দেন। বৈঠক শেষে প্রধান উপদেষ্টার প্রেস সচিব সৈয়দ ফাহিম মুনেম সাংবাদিকদের বলেন, "প্রতিরক্ষা সচিব কামরুল হাসান উপদেষ্টা পরিষদের বৈঠকে ঘূর্ণিঝড় 'নার্গিস' সংক্রান্ত যাবতীয় তথ্য উপস্থাপন করেন।" প্রধান উপদেষ্টা তার কার্যালয়ের সংশ্লিষ্ট দপ্তর, দুর্যোগ ব্যবস্থাপনা ব্যুরো এবং সরকারের সংশিষ্ট দপ্তরগুলোকে ঘূর্ণিঝড়টি সার্বক্ষণিক পর্যবেক্ষণ এবং সংশ্লিষ্ট জেলা প্রশাসকদের এ ব্যাপারে সতর্কামূলক ব্যবস্থা নেয়ার নির্দেশ দেন বলে ফাহিম মুনেম জানান। এদিকে বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় 'নার্গিস' এর গতি-প্রকৃতি পর্যবেক্ষণ এবং জরুরি পরিস্থিতি মোকাবেলার জন্য মে দিবস বৃহস্পতিবার ও পরের দিন শুক্রবারও বিশেষ ব্যবস্থায় প্রধান উপদেষ্টার কার্যালয় খোলা রাখার সিদ্ধান্ত নেয়া হয়েছে। বুধবার প্রধান উপদেষ্টার কার্যালয়ের বিশেষ এক আদেশে জানানো হয়, এই দুদিন সকাল ৯টা থেকে ১২টা এবং বিকেল ৪টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত প্রধান উপদেষ্টার কার্যালয় খোলা থাকবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/ইএইচবি-এএইচডি/বিআর/জেকে/এমএইচবি/২০৪৫ ঘ.