ঢাকা, এপ্রিল ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রামে আদালতে বোমা হামলার মামলার রায়ে বুধবার চার জঙ্গিকে ২৬ বছর করে কারাদণ্ড দিয়েছে আদালত। একইদিন ঝিনাইদহে অপর একটি মামলায় দুই জঙ্গিকে ১৫ বছর করে কারাদণ্ড দেওয়া হয়েছে। দণ্ডপ্রাপ্তরা সবাই নিষিদ্ধঘোষিত দল জামায়াতুল মুজাহেদিন বাংলাদেশের (জেএমবি) সদস্য। দণ্ডপ্রাপ্ত মোট ছয় জনের মধ্যে এক জন পলাতক।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম এর চট্টগ্রাম অফিস জানায়, চট্টগ্রাম মহানগর হাকিমের এজলাসে বোমা হামলার মামলায় বুধবার রায় দেন চট্টগ্রাম বিভাগীয় দ্রুত বিচার আদালতের বিচারক শফিকুল করিম।
রায়ে জেএমবি সদস্য জাবেদ ইকবাল ওরফে মোহাম্মদ, আবদুল মালেক লাল্টু, শাহাদাত আলী, মিজান ওরফে জাহিদুল ইসলামকে দুটি ধারায় ২৬ বছর করে কারাদণ্ড দেওয়া হয়। দণ্ডপ্রাপ্ত চার জনের মধ্যে মিজান পলাতক।
মামলার রাষ্ট্রপক্ষের আইনজীবী আহমদ কামরুল ইসলাম চৌধুরী সাজ্জাদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বিস্ফোরক আইনের ৪ ধারায় তাদের প্রত্যেককে ১৬ বছর এবং ৬ ধারায় ১০ বছর করে কারাদণ্ড দেয় আদালত। একটির পর অপর সাজা কার্যকর হবে বলে রায়ে উল্লেখ করা হয়েছে।
তিনি আরও জানান, জাভেদ ইকবাল এর আগে আরও দুটি মামলায় সাজাপ্রাপ্ত।
জেএমবির শীর্ষ নেতা শায়খ আবদুর রহমান ও আতাউর রহমান সানি এ মামলায় আসামি ছিলেন। তবে দুজনেরই ফাঁসি কার্যকর হওয়ায় তাদের মামলা থেকে অব্যাহতি দেওয়া হয়।
মামলার এজাহারে জানা যায়, ২০০৫ সালের ৩ অক্টোবর সকালে চট্টগ্রাম আদালত ভবনের তৎকালীন মহানগর হাকিম আকরাম হোসেনের এজলাসে ও বারান্দায় আসামিরা বই ও জ্যামিতি বক্সের ভেতর বোমা পুরে তা ছুড়ে মারে। ওই সময় এজলাসে উপস্থিত লোকজন বোমা নিক্ষেপকারী লাল্টু ও শাহাদাতকে ধরে ফেলে। ওই দিনই কোতোয়ালি থানার তৎকালীন ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মঈন উদ্দিন বাদি হয়ে একটি মামলা দায়ের করেন।
২০০৬ সালের ৮ মে মামলার অভিযোগপত্র আদালতে দাখিল করে পুলিশ।
ঝিনাইদহ প্রতিনিধি জানান, বিস্ফোরক ও বোমা তৈরির সরঞ্জাম রাখার দায়ে জেএমবির দুই সদস্যকে ১৫ বছর করে কারাদণ্ড দিয়েছে আদালত।
ঝিনাইদহের অতিরিক্ত জেলা ও দায়রা জজ এবং বিশেষ আদালতের বিচারক কামরুল হোসেন মোল
bdnews24