ঢাকা, এপ্রিল ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মে দিবস বৃহস্পতিবার ও পরের দিন শুক্রবার সরকারি ছুটিতেও বিশেষ ব্যবস্থায় প্রধান উপদেষ্টার কার্যালয় খোলা থাকবে।
বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় 'নার্গিস' এর গতি-প্রকৃতি পর্যবেক্ষণ এবং জরুরি সিদ্ধান্ত বাস্তবায়নের জন্য এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। দুদিনই সকাল ৯টা থেকে ১২ টা এবং বিকেল ৪টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত প্রধান উপদেষ্টার কার্যালয় খোলা থাকবে।
প্রধান উপদেষ্টার কার্যালয়ের বিশেষ এক আদেশে এ তথ্য জানানো হয়েছে।
এই দু'দিন সংশ্লিষ্ট কর্মকর্তা ও কর্মচারীদের উপস্থিত থাকার কথা বলা হয়েছে ওই আদেশে।
এ ছাড়া বৃহস্পতি, শুক্র ও শনিবার মন্ত্রিপরিষদ বিভাগের একাংশ, খাদ্য ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের দুর্যোগ উইং ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের কন্ট্রোল রুম সার্বক্ষণিকভাবে খোলা রাখারও সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শনিবার পুরোদমে খোলা থাকবে খাদ্য ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/ইএইচবি-এএইচডি/এএল/এমএ/১৮১০ঘ.
bdnews24