ঢাকা, এপ্রিল ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আগামী অক্টোবরের মধ্যে উপজেলা নির্বাচন না হলে আদালতে যাওয়ার ঘোষণা দিয়েছে বাংলাদেশ ইউনিয়ন পরিষদ ঐক্যজোট।
ঐক্যজোটের ৫ সদস্যের একটি প্রতিনিধি দল বুধবার সকালে নির্বাচন কমিশনার এম সাখাওয়াত হোসেনের সঙ্গে দেখা করে এ বিষয়ে অবহিত করেন।
এদিকে নির্বাচন কমিশনার এম সাখাওয়াত হোসেন বলেছেন, উপজেলা পরিষদ অধ্যাদেশ জারি হলেই নির্বাচনের সময়সূচি নির্ধারণের বিষয়ে বৈঠকে বসবে কমিশন।
কমিশনারের সঙ্গে দেখা করার পর ঐক্যজোট সমন্বয়ক গোলাম সারোয়ার মিলন সাংবাদিকদের বলেন, "আগামী অক্টোবরের মধ্যে উপজেলা নির্বাচন করার দাবি জানিয়েছি আমরা। এ লক্ষ্যে যতো দ্রুত সম্ভব নির্বাচনের সময়সূচি ঘোষণা করতে বলেছি। আগামী ৬ মাসের মধ্যে এ নির্বাচন না হলে আমরা আদালতের আশ্রয় নেব।"
সংগঠনের চেয়ারম্যান মাহবুবুর রহমান টুলু বলেন, "অন্যান্য নির্বাচনের সঙ্গে পর্যায়ক্রমে উপজেলা নির্বাচন করার ব্যাপারে কমিশন আমাদের আশ্বস্ত করেছে।"
ঐক্যজোটের প্রতিনিধি দলে আরো ছিলেন মহাসচিব হাসান রকিব আজাদ, আরিফ মো. শাহজাহান ও মো. আফতাব উদ্দিন ভূঁইয়া।
নির্বাচন কমিশনার এম সাখাওয়াত হোসেন দুপুরে কমিশন কার্যালয়ে সাংবাদিকদের বলেন, "প্রস্তাবিত উপজেলা পরিষদ আইনটি এখনো সরকারের হাতে। কাজেই এ নির্বাচন কখন হবে, কীভাবে হবে তা এখনো ঠিক করা হয়নি। আইনটি জারি হলেই কমিশন বৈঠকে বসে সময়সূচি নির্ধারণ করবে।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচসি/জেকে/এমএ/১৮০৫ঘ.
bdnews24