২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বকেয়া দাবিতে চট্টগ্রামে গার্মেন্টস শ্রমিকদের সড়ক অবরোধ

তিন মাসের বকেয়া বেতনের দাবিতে কয়েকশ পোশাক শ্রমিক বুধবার দুপুরে চট্টগ্রাম নগরীর দেওয়ানহাট মোড়ে শেখ মুজিব সড়ক দুই ঘণ্টা অবরোধ করে রাখে। দুপুর সাড়ে ১২টা থেকে আড়াইটা পর্যন্ত অবরোধের কারণে বাণিজ্যিক এলাকা আগ্রাবাদসহ আশেপাশের এলাকায় তীব্র যানজট দেখা দেয়। পরে প্রশাসন ও পুলিশের আশ্বাসে শ্রমিকরা অবরোধ তুলে নেয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Apr 2008, 11:41 AM

Updated : 26 Aug 2022, 01:47 PM

চট্টগ্রাম, এপ্রিল ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- তিন মাসের বকেয়া বেতনের দাবিতে কয়েকশ পোশাক শ্রমিক বুধবার দুপুরে চট্টগ্রাম নগরীর দেওয়ানহাট মোড়ে শেখ মুজিব সড়ক দুই ঘণ্টা অবরোধ করে রাখে। দুপুর সাড়ে ১২টা থেকে আড়াইটা পর্যন্ত অবরোধের কারণে বাণিজ্যিক এলাকা আগ্রাবাদসহ আশেপাশের এলাকায় তীব্র যানজট দেখা দেয়। পরে প্রশাসন ও পুলিশের আশ্বাসে শ্রমিকরা অবরোধ তুলে নেয়। অবরোধকারীরা নগরীর আস্কারাবাদ এলাকার ইউসুফ অ্যাপারেলসের শ্রমিক। শ্রমিকরা জানায়, তাদের এপ্রিলসহ তিন মাসের বেতন বকেয়া। চার বার সময় নেওয়ার পর বুধবার সকালে বেতন দেওয়া হবে বলে মালিকপক্ষ জানায়। কিন্তু এদিন মালিকপক্ষের কেউ কারখানায় না এলে প্রায় চারশ শ্রমিক বিক্ষুব্ধ হয়ে রাস্তায় নেমে আসে। সাড়ে ১২টার দিকে তারা মিছিল নিয়ে দেওয়ানহাট মোড়ে গিয়ে সড়কের দুই পাশে অবস্থান নিয়ে গাড়ি চলাচল বন্ধ করে দেয়। ইউসুফ অ্যাপারেলসের শ্রমিক শহীদুল হক শুভ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "আমরা এপ্রিলসহ তিন মাসের বেতন পাই না। এ মাসে মালিক চারবার বেতন দেয়ার সময় দিয়েও বেতন দেয়নি। এ কারণেই প্রতিবাদ জানাতে আমরা রাস্তায় নেমেছি।" ডবলমুরিং জোনের সহকারী পুলিশ কমিশনার (এসি) মো. ইলতুৎমিশ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "কারখানটিতে শ্রমিকদের বেতন প্রায়ই বকেয়া পড়ে। বুধবার শ্রমিকরা বেতন না পেয়ে রাস্তায় নেমে আসে।" তবে পুলিশ ও প্রশাসনের আশ্বাসের পরিপ্রেক্ষিতে দুপুর আড়াইটায় শ্রমিকরা রাস্তা ছেড়ে যায় বলে পুলিশ কর্মকর্তা ইলতুৎমিশ জানান। অবরোধের সময় শ্রমিকরা কোনও গাড়ি ভাঙচুর করেনি বলেও জানান তিনি। পুলিশ কর্মকর্তা ইলতুৎমিশ বিকালে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, শ্রমিকদের সঙ্গে আলোচনার পর বিকালে মালিকপক্ষ এক মাসের বকেয়া বেতন পরিশোধ করেছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/এমআই/১৭৩৫ ঘ.