২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঘূর্ণিঝড় নার্গিস মোকাবেলায় উপকূলে জোর প্রস্তুতি

ছয় মাস আগের প্রলয়ঙ্করী ঘূর্ণিঝড় সিডর'র অভিজ্ঞতা থেকে এবার 'নার্গিস' মোকাবেলার প্রস্তুতি আগেভাগেই চলছে উপকূলজুড়ে। সাগর কিছুটা উত্তাল থাকায় মাছ ধরা নৌকা ও ট্রলারগুলো কূলে ভিড়তে শুরু করেছে। অনেক স্থানে কৃষকরা বোরো ধান কেটে ফেলছেন এবং ঘের থেকে লবণ সরিয়ে নিচ্ছেন। সতর্ক অবস্থায় রয়েছে জেলা প্রশাসন, উপজেলা প্রশাসন, রেডক্রিসেন্ট ও নৌবাহিনীর সদস্যরা। সমুদ্রবন্দরগুলোকে দুই নম্বর সতর্কতা সঙ্কেত দেখাতে বলা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Apr 2008, 09:00 AM

Updated : 26 Aug 2022, 01:47 PM

মাহবুব আলম রনী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম প্রতিবেদক ঢাকা, এপ্রিল ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ছয় মাস আগের প্রলয়ঙ্করী ঘূর্ণিঝড় সিডর'র অভিজ্ঞতা থেকে এবার 'নার্গিস' মোকাবেলার প্রস্তুতি আগেভাগেই চলছে উপকূলজুড়ে। সাগর কিছুটা উত্তাল থাকায় মাছ ধরা নৌকা ও ট্রলারগুলো কূলে ভিড়তে শুরু করেছে। অনেক স্থানে কৃষকরা বোরো ধান কেটে ফেলছেন এবং ঘের থেকে লবণ সরিয়ে নিচ্ছেন। সতর্ক অবস্থায় রয়েছে জেলা প্রশাসন, উপজেলা প্রশাসন, রেডক্রিসেন্ট ও নৌবাহিনীর সদস্যরা। সমুদ্রবন্দরগুলোকে দুই নম্বর সতর্কতা সঙ্কেত দেখাতে বলা হয়েছে। বঙ্গোপসাগরে সৃষ্ঠ নিুচাপটি ঘূর্ণিঝড়ে পরিণত হয়ে বুধবার সকাল ৯টায় বাংলাদেশ উপকূল থেকে প্রায় ১ হাজার কিলোমিটার দূরত্বে অবস্থান করছিল বলে আবহাওয়া দপ্তর জানায়। 'নার্গিস' নামে এ ঘূর্ণিঝড়টি ধীরে ধীরে উত্তর-উত্তরপূর্ব দিকে অগ্রসর হচ্ছে। ঘূর্ণিঝড়ের প্রভাবে সাগর কিছুটা উত্তাল রয়েছে। ঘূর্ণিঝড় কেন্দ্রের ৬৪ কিলোমিটারের মধ্যে বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ৯০ কিলোমিটার, যা দমকা বা ঝড়ো হাওয়ার আকারে ১১৫ কিলোমিটার পর্যন্ত বাড়ছে। গত ১৫ নভেম্বর বয়ে যাওয়া ঘূণিঝড় 'সিডর'র আঘাতে লণ্ডভণ্ড হয়ে পড়ে দেশের দক্ষিণ উপকূল। মারা যায় তিন হাজারেরও বেশি মানুষ। উড়ে যায় বহু ঘরবাড়ি। বিধ্বস্থ হয়ে পড়ে সুন্দরবন। সিডরের অভিজ্ঞতা থেকে এবার আগেভাগেই নার্গিস মোকাবেলার প্রস্তুতি নেওয়া হচ্ছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম এর চট্টগ্রাম অফিস জানায়, নার্গিস আঘাত হানার বিষয়টি মাথায় রেখে চট্টগ্রাম সিটি কর্পোরেশন নগরীর দামপাড়ায় একটি নিয়ন্ত্রণ কক্ষ চালু করেছে। কর্পোরেশনের জনসংযোগ কর্মকর্তা সাইফুদ্দিন আহমেদ জানান, এখনো উপকূলীয় এলাকায় মাইকিং বা লোক সরিয়ে নেয়ার বিষয়ে কোনও সিদ্ধান্ত নেওয়া হয়নি। পরিস্থিতির ওপর তা নির্ভর করবে। নিয়ন্ত্রণ কক্ষের নম্বর- ৬৩০৭৩৯। জেলা প্রশাসক আশরাফ শামীম জানান, উপজেলা প্রশাসনকে প্রস্তুত থাকার নির্দেশ দেওয়া হয়েছে। বন্দরে অবশ্য এখনও কাজকর্ম স্বাভাবিক রয়েছে। চট্টগ্রাম বন্দরের ডেপুটি কনজারভেটর ক্যাপ্টেন নাজমুল আলম বলেন, বন্দরের গাইড লাইন অনুযায়ী সতর্ক সংকেত ৩ নম্বর অতিক্রম করলে সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হবে। পটুয়াখালী প্রতিনিধি জানান, নার্গিস মোকাবেলায় জেলা প্রশাসন, রেড ক্রিসেন্ট সার্বিক প্রস্তুতি নিয়েছে। জেলা প্রশাসক এজিএম মীর মশিউর আলম জানান, জেলা প্রশাসন ঘূর্র্ণিঝড় মোকাবেলায় সতর্ক রয়েছে। ঘূর্ণিঝড়ের গতিপথ পর্যবেক্ষণ করা হচ্ছে। পরিস্থিতি বুঝে ব্যবস্থা নেওয়া হবে। গলাচিপা উপজেলা নির্বাহী কর্মকর্তা আবুল কাশেম মো. মহিউদ্দিন বলেন, "স্থানীয় প্রশাসন সব ধরনের সতর্কতামূলক ব্যবস্থা নিয়েছে। রেড ক্রিসেন্ট সোসাইটির সব স্বেচ্ছাসেবকদেরও সতর্কাবস্থায় রাখা হয়েছে।" এদিকে কুয়াকাটার আলীপুর-মহিপুর মৎস্য ব্যবসায়ী সমিতির সভাপতি মো. ফজলুল হক গাজী জানান, জেলেরা গভীর সমুদ্রে থাকায় অধিকাংশ জেলেদের মোবাইল নেটওয়ার্কে পাওয়া যায়নি। যাদের পাওয়া গেছে তারা খবর পেয়ে উপকূলে ফিরতে শুরু করেছে। এখন আলীপুর, মহিপুর, রাঙাবালী, মৌডুবী, চরমোন্তাজ, চরকাজলসহ বিভিন্ন সাগর মোহনায় শতশত মাছ ধরা ট্রলার নিরাপদে নোঙর করে আছে। কুয়াকাটা থেকে মোটেল গোল্ডেন প্যালেসের মালিক রফিকুল ইসলাম বলেন, সাগর উত্তাল হয়ে উঠছে। সমুদ্র সৈকত কুয়াকাটা এখন প্রায় পর্যটকশূন্য। হোটেল মোটেলের ৯০ শতাংশ কক্ষই খালি। উপকূলীয় বেড়িবাধেঁর বাইরের হাজার হাজার পরিবার এখন চরম উৎকণ্ঠায় রয়েছে। সিডরের ধকল কাটিয়ে উঠতে না উঠতেই নার্গিসের খবরে সব মানুষের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। কক্সবাজার প্রতিনিধি জানান, ঘূর্ণিঝড়ের কোনও প্রভাব এখনও না দেখা দিলেও প্রশাসন সতর্ক রয়েছে। কক্সবাজার শহর ও আশেপাশের এলাকায় ঝকঝকে রোদ ও স্বাভাবিক বাতাসই প্রবাহিত হচ্ছে। তবে সাগর কিছুটা উত্তাল। ঘূর্ণিঝড়ের খবরে লবণ ও বোরো চাষীরা যত দ্রুত সম্ভব ফসল ঘরে তুলতে তৎপর হয়ে উঠেছে। টেকনাফ ও মহেশখালী এলাকার লবণ চাষীরা মাঠ থেকে লবণ তুলে নিতে অতিরিক্ত শ্রমিক নিয়োগ করেছেন। সাগরে মাছ ধরতে যাওয়া অধিকাংশ ফিশিং ট্রলারই উপকূলে ফিরে এসেছে। জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা আবদুল আজিজ বলেন, জেলা প্রশাসন সতর্কাবস্থায় রয়েছে। পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে। আবহাওয়ার সঙ্কেত ৪ নম্বার পার হলেই প্রয়োজনীয় কার্যক্রম শুরু করা হবে। কক্সবাজার ফিসারি ঘাট ক্ষুদ্র মৎস্য ব্যবসায়ী সমিতির সভাপতি নুরুল ইসলাম নুরু জানান, সাগর উত্তাল থাকায় মাছ ধরতে যাওয়া অধিকাংশ ট্রলারই কূলে ফিরে এসেছে। কক্সবাজার ফিশিং বোট মালিক সমিতির সভাপতি কবির আহমদ জানিয়েছেন, সাগরে ঢেউ বড় হতে থাকায় অধিকাংশ মাছ ধরা ট্রলারই কূলে ফিরে আসতে বাধ্য হচ্ছে। টেকনাফের লবণ চাষী শামীম আহমদ জানান, টেকনাফে এবার লবণের বাম্পার ফলন হওয়ায় মাঠে প্রচুর লবণ জমা হয়ে আছে। ঘূর্ণিঝড় আঘাত হানলে চাষীরা প্রচুর ক্ষতির সম্মুখীন হবেন। তাই তারা সরিয়ে নেয়ার চেষ্টা করছে। বাগেরহাট প্রতিনিধি জানান, নার্গিস মোকাবেলার জন্য মংলা বন্দর কর্তৃপক্ষসহ প্রশাসনের বিভিন্ন মহলে প্রস্তুতি শুরু হয়েছে। বুধবার বিকালে বাগেরহাট জেলা প্রশাসকের কার্যালয়ে জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভা আহ্বান করা হয়েছে। উপকূলীয় কোস্টগার্ড পশ্চিম জোনের কর্মকর্তা লেফটেন্যান্ট মাহবুব জানান, তাদের নৌকা ও জাহাজগুলো নিরাপদ এলাকায় সরিয়ে নেওয়া হয়েছে। মাছ ধরা ট্রলারগুলোকে তীরে ফিরতে বলা হচ্ছে। মংলা বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান আশরাফ মো. ইকবাল বলেন, বন্দরের কাজ স্বাভাবিকভাবে চলছে। গাইড লাইন অনুযায়ী চার নম্বর বিপদ সংকেত উঠলে জরুরি সভা ডাকা হবে। সাতক্ষীরা প্রতিনিধি জানান, নার্গিস মোকাবেলায় সাতক্ষীরা জেলা প্রশাসন প্রাথমিক সতর্কতামূলক ব্যবস্থা নিয়েছে। জেলা প্রশাসক মোহাম্মাদ কেফায়েতউল্লাহ জানান, এ ব্যাপারে উপজেলা প্রশাসনকে সতর্ক থাকতে বলা হয়েছে। একই সঙ্গে উপকূলীয় অঞ্চলে জেলে ও বাওয়ালিদের সতর্ক করা হয়েছে। রেডক্রিসেন্টের সাতক্ষীরা ইউনিটের সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন জানান, তারা সতর্কতামূলক ব্যবস্থা নিয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমসি/এমএআর/এমআই/১৪৫৫ ঘ.