ঢাকা, এপ্রিল ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- প্রধান উপদেষ্টা ফখরুদ্দীন আহমদ শিগগিরই জাতির উদ্দেশে ভাষণ দিয়ে নির্বাচন , জরুরি অবস্থা এবং আনুষ্ঠানিক সংলাপের বিষয়গুলো বিস্তারিত জানাবেন।
বুধবার সকালে প্রাক সংলাপের বিস্তারিত প্রতিবেদন প্রধান উপদেষ্টার কাছে জমা দিয়ে সচিবালয়ে ফিরে যোগাযোগ উপদেষ্টা গোলাম কাদের সাংবাদিকদের এ তথ্য জানান।
গোলাম কাদের বলেন, " প্রাক সংলাপের বিষয়টি আজ প্রধান উপদেষ্টাকে অবহিত করা হয়েছে। পাশাপাশি অন্যান্য উপদেষ্টাকে অবহিত করতে এ বিষয়টি আজকের উপদেষ্টা পরিষদের বৈঠকে উপস্থাপন করা হবে।"
তিনি বলেন, "জরুরি অবস্থা, নির্বাচন ও আনুষ্ঠানিক সংলাপের বিষয়গুলো প্রধান উপদেষ্টা জাতির উদ্দেশে ভাষণ দিয়ে স্পষ্ট করবেন।"
প্রধান উপদেষ্টা কবে নাগাদ ভাষণ দেবেন সে বিষয়ে সুনির্দিষ্টভাবে কোন কিছু বলেননি। এ সংক্রান্ত প্রশ্নের উত্তরে তিনি বলেছেন, " খুব শিগগিরই"।
প্রাক সংলাপে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সরকারের অনেক বিষয়ে ঐকমত্য হয়েছে বলে জানালেও কোন্ কোন্ বিষয়ে ঐকমত্য হয়েছে সে ব্যাপারে মুখ খোলেননি যোগাযোগ উপদেষ্টা। এ বিষয়ে প্রধান উপদেষ্টা তার ভাষণে সুস্পষ্টভাবে বলবেন, জানান তিনি।
তবে তিনি বলেন, " রাজনৈতিক দলগুলো সংস্কারের ব্যাপারে যে প্রয়োজনীয়তা অনুভব করেছে , আমরা সে বিষয়ে ঐকমত্যে পৌঁছেছি। এটা বলতে পারি কোনো বিষয়ে মতানৈক্য হয়নি।"
প্রাক সংলাপে সরকারের পক্ষে কি কি সুপারিশ ছিল জিজ্ঞেস করা হলে তিনি জানান, প্রধান উপদেষ্টা ভাষণে সেবিষয়ে বলবেন।
প্রধান উপদেষ্টার সঙ্গে রাজনৈতিক দলগুলোর সরাসরি আলোচনায় বসার দাবির পরিপ্রেক্ষিতে প্রাক-সংলাপ শুরু হয় এপ্রিলের শুরুতে। বিভিন্ন দলের নেতাদের সঙ্গে যোগাযোগ করে প্রাক সংলাপে বসার জন্য দায়িত্ব দেওয়া হয় পাঁচ উপদেষ্টাকে।
তারা আওয়ামী লীগের সঙ্গে প্রথম প্রাক-সংলাপে বসেন। এরপর পর্যায়ক্রমে তারা বিএনপি'র দুই গ্র"প, জাতীয় পার্টিসহ বিভিন্ন রাজনৈতিক দল, এনজিও এবং ব্যবসায়ী নেতাদের সঙ্গে বৈঠক করেন। ২৮ এপ্রিল শেষ হয় এই প্রাক সংলাপ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএইচডি-ইএইচবি/এমএ/১৪২৫ঘ.
bdnews24