সিরাজগঞ্জ, এপ্রিল ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সিরাজগঞ্জ সদর উপজেলার সয়দাবাদ গ্রামে খাদ্যে বিষক্রিয়ায় এক পরিবারের তিন জন মারা গেছে। মঙ্গলবার রাতে সিরাজগঞ্জ সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়। ওই পরিবারের আরও চার অসুস্থ সদস্য হাসপাতালে ভর্তি রয়েছে।
মৃতরা হলেন- সয়দাবাদ গ্রামের মৃত মমতাজ আলীর স্ত্রী করিমন বেওয়া (৬৫), তার নাতি কাওসার (১০) ও কাওসারের চাচাতো ভাই মনি (৩০)।
মৃতের স্বজনদের অভিযোগ, সদর হাসপাতালে চিকিৎসক না থাকায় তারা মারা গেছেন।
হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন, মমতাজ আলীর ছেলে করিম, তার স্ত্রী সেলিনা, তাদের ছেলে শাহীন ও মেয়ে করুণা।
স্বজনরা জানায়, মৃত মমতাজ আলীর বাড়িতে প্রতিদিনের মতো মঙ্গলবার রাতে পরিবারের সাত সদস্য রাতের খাবার খায়। খাবারের তালিকায় ছিল- ভাত, আলু ভর্তা ও ডিম ভাজা। খাবার খাওয়ার সঙ্গে সঙ্গে বাড়ির সবাই বমি শুরু করে এবং ধীরে ধীরে অসুস্থ হয়ে পড়ে। খবর পেয়ে প্রতিবেশীরা এসে রাত ১০টার দিকে তাদের সিরাজগঞ্জ সদর হাসপাতালে নিয়ে যায়। সেখানে করিমন বেওয়া, কাওসার ও মনি রাত ১টার দিকে মারা যায়।
কাওসারের মামা শরিফুল ইসলাম সাংবাদিকদের কাছে অভিযোগ করেন, "ভর্তির সময় জরুরি বিভাগে কোনও বিশেষজ্ঞ চিকিৎসক ছিলেন না। আমি নিজে হাসপাতাল কর্তৃপক্ষের পরামর্শ অনুযায়ী ডা. ওসমান গণি শামিমের বাড়িতে গিয়েছিলাম, কিন্তু তিনি আসেননি।"
এই অভিযোগ অস্বীকার করে ডা. ওসমান গণি সাংবাদিকদের বলেন, "মৃত রোগীর কোনও আত্মীয়-স্বজন রাতে আমায় ডাকতে আসেনি।"
বিষক্রিয়ার তিন জনের মৃত্যুর খবর শুনে সিভিল সার্জন ডা. আব্দুর রউফ বুধবার সকাল ৯টার দিকে হাসাপাতালে আসেন।
তিনি সাংবাদিকদের বলেন, তারা খাবার লবণ মনে করে খাবারের সঙ্গে নাইট্রেড লবণ খেয়েছে। আর সে জন্যই সবাই বিষক্রিয়ায় আক্রান্ত হয়েছে।
হাসপাতালে চিকিৎসক না থাকার বিষয়টিও সিভিল সার্জন অস্বীকার করেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএআর/এমআই/১২৫১ ঘ.
bdnews24