ঢাকা, এপ্রিল ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিচারক অসুস্থ হয়ে ছুটিতে যাওয়ায় বুধবার সাবেক রাষ্ট্রপতি জাতীয় পার্টি নেতা হুসেইন মুহম্মদ এরশাদসহ ছয়জনের বিরুদ্ধে শিল্প ব্যাংকের ঋণ মওকুফ দুর্নীতি মামলায় রায় হয়নি।
আগামী ১২ মে এ মামলার রায় ঘোষণা করা হবে।
বুধবার সকাল ১১টা ৪০ মিনিটে ঢাকা বিভাগীয় বিশেষ জজ আদালতের পেশকার মো: রফিকুল ইসলাম বিচারকের অনুমতি সাপেক্ষে রায়ের তারিখ পুন:নির্ধারন করেন।
সকাল ১১টা ২০ মিনিটে এরশাদ আদালতে হাজির হলেও কাশিমপুর কারাগার থেকে এ মামলার অন্যতম অভিযুক্ত সাবেক জ্বালানী প্রতিমন্ত্রী ও তৎকালীন শিল্প ব্যাংকের চেয়ারম্যান এ কে এম মোশারফ হোসেনকে আদালতে হাজির করতে পারেনি পুলিশ।
অন্যান্য মামলার মতই এ মামলাতেও খালাস পাবেন বলে আদালতে উপস্থিত এরশাদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের কাছে আশা প্রকাশ করেন।
এর আগে ২২ এপ্রিল এ মামলাটির যুক্তিতর্ক গ্রহণ শেষে ঢাকা বিভাগীয় বিশেষ জজ আদালতের বিচারক গোলাম মর্তুজা মজুমদার ৩০ এপ্রিল রায়ের তারিখ ধার্য করেন।
'থ্রি স্টার পোলট্রি ফার্ম' এর মালিক জাহাঙ্গীর কবির ও তার স্ত্রী নূরুন্নাহার শেলীর নামে নেওয়া শিল্প ব্যাংকের ৩৫ লাখ টাকা ঋণ মওকুফের অভিযোগে ১৯৯১ সালের ২২ এপ্রিল দুর্নীতি দমন ব্যুরো মতিঝিল থানায় মামলাটি করে।
মামলার অন্য আসামিরা হলেন থ্রি স্টার পোলট্রি ফার্মের মালিক জাহাঙ্গীর কবির ও তার স্ত্রী নূরুন্নাহার শেলী, জাহাঙ্গীরের ভাই সাভারের সাবেক উপজেলা চেয়ারম্যান ও জাতীয় পার্টি নেতা ফিরোজ কবির এবং বোরহান উদ্দিন।
জাহাঙ্গীর কবির ও তার স্ত্রী নূরুন্নাহার শেলী পলাতক রয়েছেন। এরশাদ, বোরহানউদ্দিন ও ফিরোজ কবির বর্তমানে জামিনে রয়েছেন। এ কে এম মোশাররফ হোসেন অপর এক মামলায় আটক রয়েছেন।
মামলাটিতে আদালতে অভিযোগপত্র দাখিল করা হয় ১৯৯১ সালের ৬ নভেম্বর। পরের বছরের ৮ জুলাই অভিযুক্তদের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়।
মামলার বিচার চলাকালে ১২ জন সাক্ষীর মধ্যে আটজনের সাক্ষ্য গ্রহণ করা হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিবি/এফএফ/এসকে/১২১২ঘ.
bdnews24