রংপুর, এপ্রিল ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পীরগাছা উপজেলার পারুল ইউনিয়নের সৈয়দপুর বাজার এলাকার একটি বাড়িতে নকল মিউরেট অব পটাস (এমপিও) সার তৈরির সময় মঙ্গলবার ভোরে দু'জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
এ সময় সেখান থেকে ৮ বস্তা এমপিও সার, সার তৈরির ৫০ বস্তা ক্লিন লবণ, প্লাস্টিকের খালি বস্তা, ইটের গুড়া, চুনসহ অন্যান্য সামগ্রী উদ্ধার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন- সার প্রস্তুতকারক আবদুল মালেক ও তার সহযোগী মিঠাপুকুর ভাংনি ইউনিয়নের মাঠেরহাট এলাকার শাহজাহান (২৫)।
পীরগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা যতীন চন্দ্র ঘটনার সত্যতা স্বীকার করে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, নকল সার পরীক্ষাগারে পাঠানো হয়েছে। এ ব্যাপারে থানায় একটি মামলা হয়েছে ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএআর/এমএসবি/২১৪৮ ঘ.
bdnews24