সিলেট, এপ্রিল ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঢাকার বাইরে দেশের প্রথম পাঁচতারকা হোটেল হচ্ছে সিলেটে। ১২৫ কোটি টাকা ব্যয়ে নগরীর উপশহর এলাকায় নির্মিত 'রোজভিউ' নামের এ হোটেলটি বুধবার উদ্বোধন হবে। একদল প্রবাসী বাঙালির উদ্যোগে হোটেলটি নির্মিত হয়েছে।
উদ্বোধনের আগে সোমবার হোটেল কর্তৃপক্ষ এক সংবাদ সম্মেলনে হোটেলটি সম্পর্কে বিস্তারিত তুলে ধরে। হোটেলের সম্মেলন কক্ষেই হয় ওই সংবাদ সম্মেলন।
রোজভিউ এর ব্যবস্থাপনা পরিচালক মঈনউদ্দিন সংবাদ সম্মেলনে জানান, বুধবার সন্ধ্যা ৭টায় হোটেলের চেয়ারম্যান আহাদ উদ্দিন এর আনুষ্ঠানিক উদ্বোধন করবেন।
হোটেলটিতে একটি সুইমিং পুল, একটি জিমনেশিয়াম, পাঁচটি সুসজ্জিত আন্তর্জাতিক মানের রেস্তোরাঁ থাকছে বলে সংবাদ সম্মেলনে জানানো হয়েছে।
অত্যাধুনিক প্রযুক্তিতে নির্মিত এ হোটেল রিকটার স্কেলে ৯ দশমিক ৯ মাত্রার ভূমিকম্পেও ক্ষতিগ্রস্ত হবে না। থাকছে সর্বাধুনিক নিরাপত্তা ব্যবস্থা। এতে রয়েছে সিসিটিভি ক্যামেরায় মনিটরিং ব্যবস্থা, ফায়ার অ্যালার্ম সিস্টেম, স্মোক ডিটেকটর, স্ট্যান্ডবাই জেনারেটর, চারটি ক্যাপসুল লিফট, একটি সাধারণ সুপরিসর লিফট, ইন্টারনেট, ই-মেইল, ফোন-ফ্যাক্সের সুবিধা সম্বলিত বিজনেস সেন্টার।
মঈন উদ্দিন বলেন, রোজভিউ হোটেলে রয়েছে ১৫০টি সুসজ্জিত কক্ষ। এর মধ্যে রয়েছে বিশালাকার একটি প্রেসিডেন্সিয়াল স্যুইট। এ স্যুইটে রয়েছে একটি মাস্টার বেডরুম, একটি মিটিংরুম, জাকুজি ও মিনি সুইমিংপুল। সাতটি এম্বেসেডর স্যুইট, ২৭টি রয়েল স্যুইট, ২৬টি ইম্পিরিয়াল টু-ইন, ৮৭টি ডিলাক্স ও ফ্যামিলি স্যুইট।
তিনি জানান, হোটেলের প্রতিটি কক্ষে থাকছে ইন্টারনেট সংযোগ, ক্যাবল টিভি, মিনি বার, সেফ ডিপোজিট লকার, রুম কি-কার্ড এন্ট্রিসহ নানা ধরণের সুবিধা। প্রত্যেক অতিথিকে সংবাদপত্র থেকে শুরু করে সাবান, শ্যাম্পু, চিরুনি, টুথপেস্টসহ সব ধরনের প্রসাধন সামগ্রী বিনামূল্যে সরবরাহ করা হবে। পুরো হোটেলে ব্যবহার করা হয়েছে চিন, থাইল্যান্ড ও সিঙ্গাপুর থেকে আমদানি করা উন্নতমানের আসবাবপত্র।
হোটেলটিতে এক হাজার আসনের একটি গ্র্যান্ড হলরুমসহ তিনটি অত্যাধুনিক সম্মেলন কক্ষ (কনফারেন্স হল) থাকছে বলে কর্তৃপক্ষ জানায়।
সংবাদ সম্মেলনে জানানো হয়, হোটেলের ব্যবস্থাপনায় রয়েছেন শ্রীলংকান নাগরিক এস রবীন্দ্রা। তিনি ইতোপূর্বে মালদ্বীপ, ইন্দোনেশিয়ার বালি ও তুরস্কে বেশ কয়েকটি পাঁচ তারকা হোটেলে ব্যবস্থাপনার দায়িত্বে ছিলেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/এমআই/১২৩২ ঘ.
bdnews24