ঢাকা, এপ্রিল ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগে সোমবার রাজধানীতে শ'খানেক সিএনজি চালিত বাসের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)।
ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে বিআরটিএ ওইসব পরিবহনের বিরুদ্ধে মামলা দায়ের ও জারিমানা আদায় করে বলে এক তথ্য বিবরণীতে জানানো হয়।
এতে জানানো হয়, মহানগরীর যাত্রাবাড়ী, গাবতলী, মহাখালী ও শ্যামপুর এলাকায় অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগে ৯৩টি যানবাহনের বিরুদ্ধে মামলা করেছে ভ্রাম্যমাণ আদালত। এ ছাড়া চারটি গাড়ি আটক এবং দুইজনকে কারাগারে পাঠানো হয়েছে।
এদিকে, বিআরটিএ এর অভিযান সত্ত্বেও সিনএনজি চালিত বিভিন্ন বাসে এখনো বেশি ভাড়া আদায় করা হচ্ছে।
সরকার গত বৃহস্পতিবার সিএনজি'র দাম বাড়িয়ে দ্বিগুণ করার পর থেকেই সিএনজি চালিত যানগুলো অতিরিক্ত ভাড়া আদায় শুরু করে। রোববার সরকার সিএনজি চালিত অটোরিকশা ও টেক্সিক্যাবের ভাড়া পুনর্র্নিধারণ করে দিলেও বাসের ভাড়া বাড়ানো যাবে না বলে পরিষ্কারভাবে জানিয়ে দেওয়া হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম প্রতিবেদক সোমবার বিকেলে রাজধানীর প্রেসক্লাব ও শংকর বাসস্ট্যান্ডে দেখেন যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায় করা হচ্ছে।
সিএনজি চালিত বাস মৈত্রী, মিডওয়ে, মেগাসিটি, রাজধানী এক্সপ্রেস ও অলকা পরিবহন প্রেসক্লাব থেকে শংকর দূরত্বের জন্য আগের চেয়ে ২ টাকা বেশি ভাড়া আদায় করছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএআর/এএল/জেকে/এমএইচবি/২২১২ ঘ.
bdnews24