ঢাকা, এপ্রিল ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) -- জিয়া আন্তর্জাতিক বিমানবন্দরে রোববার ভোরে কাস্টমস কর্তৃপক্ষ কুয়েত থেকে আসা পাঁচটি লাগেজে ১০৫ কেজি ওজনের সন্দেহজনক মাদক দ্রব্য আটক করেছে।
এ ঘটনায় কাউকে গ্রেপ্তার করা যায়নি।
বিমানবন্দরের কাস্টমসের সহকারি কমিশনার নেয়ামুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "কুয়েত এয়ারওয়েজের কুয়েত ফ্লাইট থেকে আসা ওই সব বিপুল পরিমাণ ওষুধ-পত্র আমরা মাদক বলে সন্দেহ করছি। এসব ওষুধ-পত্র আদৌ মাদক কী না, তা পরীক্ষা-নীরিক্ষার জন্য মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরে পাঠানো হয়েছে।"
নেয়ামুল জানান, লাগেজ পাঁচটি পরিত্যাক্ত অবস্থায় পাওয়া গেছে বলে কাউকে আটক করা হয়নি। তবে পরে অনুসন্ধান চালিয়ে দেখা গেছে, জেবুন্নেসা (৭০) নামে জনৈকা বাংলাদেশী যাত্রীর নামে লাগেজগুলো কুয়েত থেকে এসেছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/ বিআর/এলএইচ/জিএনএ/১২৩১ ঘ.
bdnews24