ঢাকা, এপ্রিল ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)--মিগ যুদ্ধ বিমান ক্রয় দুর্নীতি মামলার অভিযোগ গঠনের শুনানির জন্য শেখ হাসিনাকে সৎসদ ভবনের বিশেষ আদালতে হাজির করা হয়েছে। রোববার সকাল ৯ টা ৪৫ মিনিটে তাকে বিশেষ কারাগার থেকে আদালতে নেয়া হয়।
গত ২০ এপ্রিল শেখ হাসিনা অসুস্থ থাকায় তার বিরুদ্ধে দায়ের করা মিগ-২৯ ক্রয় দুর্নীতি মামলার অভিযোগ গঠনের শুনানি ২৭ এপ্রিল পর্যন্ত মুলতবি করেছিল আদালত।
রোববার সংসদ ভবনে স্থাপিত বিশেষ এজলাসে ঢাকা বিশেষ বিভাগীয় জজ আদালতের বিচারক গোলাম মর্তুজা মজুমদার অভিযোগ গঠনের ওপর যুক্তিতর্ক শোনার কথা।
বিলুপ্ত দুর্নীতি ব্যুরোর কর্মকর্তা আবদুল্লাহ আল-জাহিদ ২০০১ সালের ১১ ডিসেম্বর তেজগাঁও থানায় ৮টি মিগ-২৯ যুদ্ধ বিমান ক্রয় সংক্রান্ত এ দুর্নীতির মামলাটি দায়ের করেন। মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ৭ জনকে আসামি করা হয়। শেখ হাসিনা প্রধানমন্ত্রী থাকাকালে ১৯৯৯ সালে এই ৮টি মিগ-২৯ বিমান ক্রয় করে রাষ্ট্রের প্রায় ৭শ কোটি টাকা ক্ষতি করা হয়েছে বলে মামলায় অভিযোগ আনা হয়েছে।
২০০৩ সালের ২৯ জানুয়ারি এ মামলায় শেখ হাসিনাসহ অন্যদের বিরুদ্ধে অভিযোগপত্র দেয়া হয়। ওই বছরই শেখ হাসিনা এ মামলাটি বাতিলের আবেদন জানালে হাইকোর্ট এ মামলার কার্যক্রম স্থগিত করে দেয়।
শেখ হাসিনা ছাড়া মামলার অপর আসামিরা হলেন, সাবেক বিমান বাহিনী প্রধান অবসরপ্রাপ্ত এয়ার ভাইস মার্শাল জামালউদ্দিন আহমেদ, সাবেক প্রতিরক্ষা সচিব সৈয়দ ইউসুফ হোসেন, সাবেক সেনাবাহিনী প্রধান অবসরপ্রাপ্ত লে. জেনারেল মোস্তাফিজুর রহমান, প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সাবেক যুগ্মসচিব মোহাম্মদ হোসেন সেরনিয়াবাত, অবসরপ্রাপ্ত এয়ার কমোডোর মির্জা আখতার মারুফ ও ইউনিক গ্র"পের স্বত্ত্বাধিকারী ব্যবসায়ী নূর আলী।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলএইচ/এএইচডি-ইএইচবি/জিএনএ/১০৪২ ঘ.
bdnews24