২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জাল পাসপোর্টের যাত্রী, এয়ারলাইনস কর্মকর্তাসহ ৯৭ জনের বিরুদ্ধে মামলা

জাল পাসপোর্টধারী যাত্রী বহনের অভিযোগে জিএমজি এয়ারলাইনস এবং জাল পাসপোর্টের মাধ্যমে বিদেশে পাঠানোর অভিযোগে বিভিন্ন রিক্রুটিং এজেন্সির ৫২ কর্মকর্তার বিরুদ্ধে মামলা করেছে পুলিশ। শুক্রবার জালপাসপোর্ট ব্যবহার করে মালয়েশিয়া থেকে ফেরা ৪৫ যাত্রীকেও এ মামলার আসামি করা হয়েছে। ওই ৪৫ যাত্রীকে এ মামলায় গ্রেপ্তার দেখিয়ে শনিবার আদালতের মাধ্যমে কারাগারে পাঠানোর হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Apr 2008, 05:49 PM

Updated : 26 Aug 2022, 01:45 PM

ঢাকা, এপ্রিল ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জাল পাসপোর্টধারী যাত্রী বহনের অভিযোগে জিএমজি এয়ারলাইনস এবং জাল পাসপোর্টের মাধ্যমে বিদেশে পাঠানোর অভিযোগে বিভিন্ন রিক্রুটিং এজেন্সির ৫২ কর্মকর্তার বিরুদ্ধে মামলা করেছে পুলিশ। শুক্রবার জালপাসপোর্ট ব্যবহার করে মালয়েশিয়া থেকে ফেরা ৪৫ যাত্রীকেও এ মামলার আসামি করা হয়েছে। ওই ৪৫ যাত্রীকে এ মামলায় গ্রেপ্তার দেখিয়ে শনিবার আদালতের মাধ্যমে কারাগারে পাঠানোর হয়েছে। শনিবার পুলিশের বিশেষ শাখার (এসবি) এক কর্মকর্তা বাদি হয়ে বিমানবন্দর থানায় এ মামলা দায়ের করেন। তবে আসামিদের নাম জানা যায়নি। বিমান বন্দর থানার উপ-পরিদর্শক তরিকুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "শুক্রবার সকালে মালয়েশিয়া থেকে ৪৫ জন যাত্রী নিয়ে জিএমজি এয়ারলাইনসের একটি ফ্লাইট জিয়া আন্তর্জাতিক বিমান বন্দরে নামে। এরা সবাই বাংলাদেশী নাগরিক। বিমান বন্দর থেকে বের হওয়ার সময় ইমিগ্রেশন ও পুলিশের বিশেষ শাখা (এসবি) জাল পাসপোর্টসহ তাদের গ্রেপ্তার করে। সেখান থেকে তাদের বিমানবন্দর থানায় পাঠানো হয়। তিনি জানান, শনিবার সকালে জাল পাসপোর্টধারী যাত্রী বহনের অভিযোগে জিএমজি এয়ারলাইনস এবং জাল পাসপোর্টের মাধ্যমে বিদেশে পাঠানোর অভিযোগে বিভিন্ন রিক্রুটিং এজেন্সির ৫২ কর্মকর্তার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়। মালয়েশিয়া ফেরত ৪৫ যাত্রীকেও এ মামলার আসামি করা হয়েছে। তবে জিএমজি কর্তৃপক্ষ বলছে, জাল পাসপোর্টের ব্যাপারে তাদের কিছু করার নেই। এটা বিমানবন্দর কর্তৃপক্ষের বিষয়। জিএমজি এয়ারলাইনসের জনসংযোগ কর্মকর্তা নজরুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "আমরা এখনও মামলার বিষয়ে কিছুই জানি না। আমাদের অফিসিয়ালি জাননো হয়নি।" তিনি বলেন, "মালয়েশিয়ান এয়ারলাইনস, মালয়েশিয়ান ইমিগ্রেশন ও মালয়েশিয়ান সিকিউরিটি তল্লাশি করে কাগজপত্র পরীক্ষা করার পর যাত্রীরা বোর্ডিং পাস নিয়ে আমাদের উড়োজাহাজে ওঠে। আমরা শুধুমাত্র বোর্ডিং পাস দেখে যাত্রীদের উড়োজাহাজে ওঠাই। এয়ারলাইনার হিসেবে আমাদের কিছুই করার নেই।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/জিএমএ/জেকে/এমএইচবি/২৩৩৫ ঘ.