২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আমরা অহেতুক অন্য শক্তির পেছনে ছুটছি: ভাষাসৈনিক মতিন

সঙ্কট উত্তরণে জনগণের শক্তিকে কাজে না লাগিয়ে দেশ অহেতুক অন্য শক্তির পেছনে ছুটছে বলে মন্তব্য করেছেন ভাষাসৈনিক আবদুল মতিন। শনিবার ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির দ্বি-বার্ষিক প্রকাশনা 'প্রস্তাব'এর মোড়ক উম্মোচন ও 'বাংলাদেশের গণমাধ্যমের সঙ্কট উত্তরণের উপায়' শীর্ষক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Apr 2008, 03:35 PM

Updated : 26 Aug 2022, 01:45 PM

ঢাকা, এপ্রিল ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-সঙ্কট উত্তরণে জনগণের শক্তিকে কাজে না লাগিয়ে দেশ অহেতুক অন্য শক্তির পেছনে ছুটছে বলে মন্তব্য করেছেন ভাষাসৈনিক আবদুল মতিন। শনিবার ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির দ্বি-বার্ষিক প্রকাশনা 'প্রস্তাব'এর মোড়ক উম্মোচন ও 'বাংলাদেশের গণমাধ্যমের সঙ্কট উত্তরণের উপায়' শীর্ষক আলোচনা সভায় তিনি এ কথা বলেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। প্রধান অতিথি বক্তব্যে আবদুল মতিন বলেন, "বর্তমানে দেশে এক ভয়াবহ পরিস্থিতি চলছে। এ পরিস্থিতি থেকে উত্তরণের জন্য আমরা জনগণের শক্তিকে কাজে না লাগিয়ে অহেতুক অন্য শক্তির পেছনে ছুটছি।" তিনি বলেন, "মানুষের মূল যেমন মাথার মগজ, তেমনি গণমাধ্যম হলো সমাজের মগজ। আমরা সমাজের মগজকে মূল্য দিচ্ছি না। ভালোভাবে বাঁচার জন্য হলেও আমাদের এই মগজের মূল্য দিতে হবে।" বিশেষ অতিথির বক্তব্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক মনিরুজ্জামান মিঞা বলেন, "রাষ্ট্রশক্তি গণমাধ্যমকে কখনোই স্বাধীনতা দিতে চায় না। কিন্তু গণমাধ্যমের স্বাধীনতা ছাড়া দেশে গণতন্ত্র টিকতে পারে না।" বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এস এম এ ফায়েজ বলেন, "বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকরা বিপদের ঝুঁকি নিয়েও ক্যাম্পাসে কাজ করে থাকে। কিন্তু বিশ্ববিদ্যালয়ের গৌরব বাড়ায় এমন গঠনমূলক সংবাদ প্রকাশের ব্যাপারেও তাদের সচেষ্ট হতে হবে।" বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সাবেক সভাপতি অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দিক বলেন, "জরুরি অবস্থার কারণে গণতন্ত্রের মতো গণমাধ্যমও সঠিকভাবে কাজ করতে পারছে না। সঙ্কট উত্তরণের জন্য সংবাদের গুরুত্ব বজায় রেখে প্রবাহ ঠিক রাখার ওপর গুরুত্ব দেন তিনি। অন্যান্যের মধ্যে জাতীয় প্রেসক্লাবের সভাপতি শওকত মাহমুদ, দৈনিক মানবজমিন এর প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরীসহ ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সাবেক ও বর্তমান সদস্যরা আলোচনায় অংশ নেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/জেএফ/জেকে/এমএইচবি/২১২৫ ঘ.