২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

লুটপাট হওয়া অর্থ খুঁজে বের করতে চায় সরকার: নৌ প্রধান

বিগত সরকারগুলোর আমলে লুটপাট হওয়া অর্থ বর্তমান সরকার খুঁজে বের করতে চায় বলে জানিয়েছেন নৌ প্রধান ভাইস অ্যাডমিরাল সরওয়ার জাহান নিজাম। শনিবার ইস্কাটনের লেডিস ক্লাবে চট্টগ্রামের আনোয়ারা সমিতি আয়োজিত মেজবান ও সম্মিলন অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Apr 2008, 01:18 PM

Updated : 26 Aug 2022, 01:45 PM

ঢাকা, এপ্রিল ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিগত সরকারগুলোর আমলে লুটপাট হওয়া অর্থ বর্তমান সরকার খুঁজে বের করতে চায় বলে জানিয়েছেন নৌ প্রধান ভাইস অ্যাডমিরাল সরওয়ার জাহান নিজাম। শনিবার ইস্কাটনের লেডিস ক্লাবে চট্টগ্রামের আনোয়ারা সমিতি আয়োজিত মেজবান ও সম্মিলন অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। সরওয়ার জাহান নিজাম বলেন, "দেশের উন্নয়নে এ পর্যন্ত বিদেশীরা ও দাতা সংস্থাগুলো কোটি কোটি ডলার অর্থ দিয়েছে। কিন্তু আমাদের দেশের তেমন কোনো উন্নয়ন হয়নি। উন্নয়নের লক্ষ্য যাতে ব্যাহত না হয় সেজন্য লুটপাট হওয়া অর্থ খুঁজে বের করতে চায় বর্তমান সরকার।" বিদেশি অর্থ লুটপাটের কারণে রাজধানীতে কোনো উড়াল সড়ক কিংবা পাতাল রেল তৈরি হয়নি বলেও মন্তব্য করেন তিনি। ভাইস অ্যাডমিরাল সরওয়ার জাহান নিজাম মনে করেন, রাজধানীর ওপর বাড়তে থাকা চাপ কমাতে চট্টগ্রাম, খুলনা, বরিশালসহ অন্যান্য স্থানে সরকারি কার্যালয় ও কারখানা সরিয়ে নেওয়া প্রয়োজন। সাবেক উপদেষ্টা মুয়ীদ চৌধুরী বলেন, "সবক্ষেত্রে আজ রাজনীতির অশুভ প্রবেশ ঘটেছে। দেশ ও মানুষের কল্যাণে আমাদের সবাইকে এগিয়ে আসতে হবে।" সমিতির সভাপতি এটিএম জাফরউল্লাহ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন আ ন ম নাসির উদ্দিন, ক্যাপ্টেন গোলাম হোসেন ও সমিতির সাধারণ সম্পাদক আখতারুল ইসলাম। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/একেএম/এএল/এমএ/১৯০১ ঘ.