২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

প্রধান উপদেষ্টার কাছে নতুন পে-স্কেল চাইলেন ঢাবি শিক্ষকরা

পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের জন্য নতুন বেতন কাঠামো (পে-স্কেল) ঘোষণার দাবি জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা। জাতীয় বাজেটের অধীনে একটি গবেষণা তহবিল গঠনেরও প্রস্তাব দিয়েছেন তারা। শনিবার উপাচার্য এস এম এ ফায়েজের নেতৃত্বে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২৬ শিক্ষকের একটি প্রতিনিধি দল প্রধান উপদেষ্টা ফখরুদ্দীন আহমদের সঙ্গে দেখা করে এসব দাবি জানান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Apr 2008, 12:07 PM

Updated : 26 Aug 2022, 01:45 PM

ঢাকা, এপ্রিল ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের জন্য নতুন বেতন কাঠামো (পে-স্কেল) ঘোষণার দাবি জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা। জাতীয় বাজেটের অধীনে একটি গবেষণা তহবিল গঠনেরও প্রস্তাব দিয়েছেন তারা। শনিবার উপাচার্য এস এম এ ফায়েজের নেতৃত্বে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২৬ শিক্ষকের একটি প্রতিনিধি দল প্রধান উপদেষ্টা ফখরুদ্দীন আহমদের সঙ্গে দেখা করে এসব দাবি জানান। বৈঠক শেষে প্রধান উপদেষ্টার প্রেস সচিব সৈয়দ ফাহিম মুনেম সাংবাদিকদের বলেন, "শিক্ষক প্রতিনিধিরা বলেছেন, বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোতে বেতন বেশি হওয়ায় পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা সেগুলোতে চলে যাচ্ছেন। মেধাবী শিক্ষকরা এভাবে চলে গেলে মারাত্মক সঙ্কট তৈরি হবে। এ কারণে শিক্ষকদের বেতন কাঠামো পুনর্বিন্যাসের দাবি জানিয়েছেন তারা।" ফাহিম মুনেম জানান, শিক্ষক প্রতিনিধিদল বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সমস্যা ও সম্ভাবনার কথা প্রধান উপদেষ্টার কাছে তুলে ধরেন। বিশ্ববিদ্যালয়ের চলমান বিভিন্ন প্রকল্প এবং আগামী অর্থ বছর যেসব প্রকল্প নেওয়া হবে সে সম্পর্কেও বিস্তারিত জানান তারা। উপাচার্য এস এম এ ফায়েজ বিশ্ববিদ্যালয় এলাকার পরমাণু শক্তি কমিশন ভবনটি ঢাকা বিশ্ববিদ্যালয়কে বরাদ্দ দেয়ার জন্য প্রধান উপদেষ্টার কাছে অনুরোধ করেন। এ ছাড়া শিক্ষকদের জন্য টাওয়ার ভবন ও নতুন একটি হল নির্মাণ, টিএসসি এলাকায় একটি ১০ তলা ভবন নির্মাণ এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় ক্যাম্পাসের জন্য ৫০০ একর জমি বরাদ্দেরও আবেদন জানান তিনি। প্রধান উপদেষ্টা শিক্ষার মান নিশ্চিত করতে শিক্ষকদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, "জ্ঞানভিত্তিক সমাজ গড়ার ক্ষেত্রে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের এগিয়ে আসতে হবে।" শিক্ষক প্রতিনিধিদের বিভিন্ন দাবি দাওয়া মেটানোর চেষ্টা করা হবে বলেও আশ্বাস দেন তিনি। ফখরুদ্দীন আহমদ জানান, সরকার শিক্ষকদের উন্নত প্রশিক্ষণের উদ্যোগ নিচ্ছে। এ ব্যাপারে শিক্ষা মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনা হচ্ছে। বৈঠকে সরকারের পক্ষ থেকে শিক্ষক প্রতিনিধিদের জানানো হয়, আগামী অর্থ বছরে ৫টি নতুন প্রকল্পের জন্য ১৫৫ কোটি টাকা ঢাকা বিশ্ববিদ্যালয়কে বরাদ্দ দেওয়া হবে। ২৬ সদস্যের শিক্ষক প্রতিনিধি দলে অন্যান্যের মধ্যে ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপ উপাচার্য অধ্যাপক আ ফ ম ইউসুফ ুুহায়দার, কোষাধ্যক্ষ অধ্যাপক আবুল কালাম আজাদ, অধ্যাপক সদরুল আমিন, অধ্যাপক আনোয়ার হোসেন প্রমুখ। আর সরকার পক্ষে ছিলেন, শিক্ষা উপদেষ্টা হোসেন জিল্লুর রহমান, প্রধান উপদেষ্টার কার্যালয়ের সচিব মো. কাজী আমিনুল ইসলাম, শিক্ষা সচিব মোমতাজুল ইসলাম, প্রেস সচিব সৈয়দ ফাহিম মুনেম প্রমুখ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএইচডি/এএল/জেকে/এমএ/১৮০১ঘ.