২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বয়লার টিউব ছিদ্র: আবার বন্ধ খুলনা ১১০ মেগাওয়াট বিদ্যুৎ কেন্দ্র

বয়লারের টিউব ছিদ্র হয়ে খুলনার ১১০ মেগাওয়াট বিদ্যুৎ কেন্দ্রটি বৃহস্পতিবার রাতে আবারও বন্ধ হয়ে গেছে। শনিবার বা রোববার মেরামতের পর উৎপাদন শুরু হতে পারে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Apr 2008, 04:13 PM

Updated : 26 Aug 2022, 01:45 PM

খুলনা, এপ্রিল ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বয়লারের টিউব ছিদ্র হয়ে খুলনার ১১০ মেগাওয়াট বিদ্যুৎ কেন্দ্রটি বৃহস্পতিবার রাতে আবারও বন্ধ হয়ে গেছে। শনিবার বা রোববার মেরামতের পর উৎপাদন শুরু হতে পারে। খুলনার গোয়ালপাড়ায় অবস্থিত এ বিদ্যুৎ কেন্দ্রটি বয়লারের টিউব ছিদ্র হওয়ার কারণে চলতি বছরে এ নিয়ে পাঁচবার বন্ধ হল। এর আগে শেষবার বন্ধ হয়েছিল গত ১০ এপ্রিল। বিদ্যুৎ কেন্দ্রের প্রকৌশলী রেজাউল করিম জানান, "বয়লারের ওয়াল টিউব বৃহস্পতিবার রাত ১১টা ২০ মিনিটে ছিদ্র হয়ে যায়। এতে বন্ধ হয়ে যায় উৎপাদন। শনি বা রোববার টিউব মেরামত করে উৎপাদন শুরু করা সম্ভব হতে পারে।" তিনি জানান, বয়লারে ব্যবহার করা নদীর পানিতে লবণাক্ততা বেড়ে যাওয়ায় এ সমস্যা হচ্ছে। শুষ্ক মওসুমে লবণাক্ততা বেড়ে যায়। তাই বার বার টিউব ছিদ্র হওয়ার ঘটনা ঘটছে। প্রকৌশলী রেজাউল করিম জানান, ২১ টি জেলা নিয়ে গঠিত খুলনা জোনে বিদ্যুতের চাহিদা অফপিক আওয়ারে ৩৭৩ দশমিক ৮ মেগাওয়াট। শুক্রবার সরবরাহ ছিল ২২১ দশমিক ১ মেগাওয়াট। লোডশেডিং করা হয়েছে ১৫২ দশমিক ৭ মেগাওয়াট। অপরদিকে পিক আওয়ারে চাহিদা ছিল ৬০৭ দশমিক ৯ মেগাওয়াট। সরবরাহ ছিল ২৯৪ দশমিক ৬ মেগাওয়াট। লোডশেডিং করা হয়েছে ৩১৩ দশমিক ৩ মেগাওয়াট। মহনগরীতে অফপিক আওয়ারে চাহিদা ৫৭ মেগাওয়াট। সরবরাহ ছিল ৩৭ দশমিক ৫ মেগাওয়াট। লোডশেডিং করা হয়েছে ১৯ দশমিক ৫ মেগাওয়াট। আর পিক আওয়ারে চাহিদা ছিল ৬৬ দশমিক ৪ মেগাওয়াট। সরবরাহ ছিল ৪৫ দশমিক ৮ মেগাওয়াট। লোডশেডিং করা হয়েছে ২০ দশমিক ৬ মেগাওয়াট। খুলনা মহনগর নাগরিক ফোরামের চেয়ারপাসন শেখ আব্দুল কাইয়ূম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "একঘণ্টা আধঘণ্টা পরপর লোডশেডিং করা হচ্ছে। প্রচণ্ড গরম আর বিদ্যুতের যাওয়া-আসায় অতিষ্ঠ হয়ে গেছি।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/এমএসবি/২২০৩ ঘ.