২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

"বাংলাদেশ-চীন শান্তিপূর্ণ পারমাণবিক সহযোগিতা হতে পারে"

পররাষ্ট্র উপদেষ্টা ইফতেখার আহমদ চৌধুরী বলেছেন, নতুন এশীয় যুগে বাংলাদেশ ও চীন ঘনিষ্ঠ সহযোগী ও অংশীদার। চীনা পররাষ্ট্রমন্ত্রী ইয়াং যেইচির বাংলাদেশ সফরের মধ্য দিয়ে এ সম্পর্ক আরো ঘনিষ্ঠ হবে। চীনের পররাষ্ট্রমন্ত্রীর দু'দিনের ঢাকা সফর শেষে শুক্রবার জিয়া আন্তর্জাতিক বিমানবন্দরে তাকে বিদায় জানাতে গিয়ে পররাষ্ট্র উপদেষ্টা সাংবাদিকদের কাছে এ মন্তব্য করেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Apr 2008, 03:53 PM

Updated : 26 Aug 2022, 01:45 PM

ঢাকা, এপ্রিল ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পররাষ্ট্র উপদেষ্টা ইফতেখার আহমদ চৌধুরী বলেছেন, নতুন এশীয় যুগে বাংলাদেশ ও চীন ঘনিষ্ঠ সহযোগী ও অংশীদার। চীনা পররাষ্ট্রমন্ত্রী ইয়াং যেইচির বাংলাদেশ সফরের মধ্য দিয়ে এ সম্পর্ক আরো ঘনিষ্ঠ হবে। চীনের পররাষ্ট্রমন্ত্রীর দু'দিনের ঢাকা সফর শেষে শুক্রবার জিয়া আন্তর্জাতিক বিমানবন্দরে তাকে বিদায় জানাতে গিয়ে পররাষ্ট্র উপদেষ্টা সাংবাদিকদের কাছে এ মন্তব্য করেন। ইফতেখার আহমদ চৌধুরী বলেন, চীন বাংলাদেশের উন্নয়নে বৃহত্তর ভূমিকা রাখার ব্যাপারে আগ্রহ ব্যক্ত করেছে। তারা রূপপুর পারমাণবিক প্রকল্পের মতো বড় প্রকল্পে সম্পৃক্ত হতে চায়। পররাষ্ট্র উপদেষ্টা জানান, চীন-পাকিস্তান মডেলের আদলে বাংলাদেশ-চীন শান্তিপূর্ণ পারমাণবিক সহযোগিতা গড়ে উঠতে পারে বলে অভিমত দিয়েছেন চীনা পররাষ্ট্রমন্ত্রী। পররাষ্ট্র উপদেষ্টা জানান, বাংলাদেশে একটি প্রদর্শনী কেন্দ্র প্রতিষ্ঠার ব্যাপারে দু'সরকারের মধ্যে লেটার অব এক্সচেঞ্জ স্বাক্ষরিত হয়েছে। এছাড়াও চীন এ বছরের জন্য বাংলাদেশকে ৬০ মিলিয়ন ইয়েন অনুদান দেওয়ার প্রস্তাব দিয়েছে। এক প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন, "আমরা চীনা পররাষ্ট্রমন্ত্রীকে বাংলাদেশের এক-চীন নীতির কথা জানিয়েছি। আমরা একথাও বলেছি, তিব্বত সংক্রান্ত সব কিছুই চীনের অভ্যন্তরীণ বিষয়। আমরা এ ব্যাপারে একমত হয়েছি যে বেইজিংয়ে অনুষ্ঠিতব্য আসন্ন অলিম্পিক গেমস গোটা এশিয়ার গর্ব। এটি নিয়ে কোন ধরনের রাজনীতি চলতে পারে না।" মিয়ানমারের মধ্য দিয়ে চীনের সঙ্গে বাংলাদেশের সড়ক যোগাযোগ প্রতিষ্ঠার লক্ষ্যে বাংলাদেশ-মিয়ানমার-চীন ত্রিপক্ষীয় বোঝাপড়ার ব্যাপারে অগ্রসর হওয়ার বিষয়টি গুরুত্ব সহকারে আলোচিত হয়েছে বলে পররাষ্ট্র উপদেষ্টা জানান। বাংলাদেশের বর্তমান তত্ত্বাবধায়ক সরকারের ব্যাপারে চীনের দৃষ্টিভঙ্গি কী জানতে চাইলে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, "ইয়াং যেইচি সরকারের প্রশংসা করেছেন। আমি তাকে বলেছি ডিসেম্বরের মধ্যেই নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচনী রোডম্যাপের অগ্রগতির ব্যাপারে চীনা মন্ত্রী সন্তোষ প্রকাশ করেছেন।" ইফতেখার চৌধুরী বলেন, "আমরা এ ব্যাপারে একমত হয়েছি যে, নতুন এশীয় যুগের প্রেক্ষাপটে আমাদের উভয় দেশের দায়-দায়িত্ব রয়েছে। আমরা আমাদের জনগণের জন্য আরো উন্নত জীবনযাত্রা নিশ্চিত করব। এজন্য পরস্পরকে সহযোগিতা দেব।" চীনা পররাষ্ট্রমন্ত্রী চীনের প্রধানমন্ত্রীর তরফ থেকে প্রধান উপদেষ্টা ড. ফখরুদ্দীন আহমদকে ও তার নিজের পক্ষ থেকে পররাষ্ট্র উপদেষ্টা ড. ইফতেখার চৌধুরীকে চীন সফরের আমন্ত্রণ জানিয়েছেন। তাদের চীন সফর সম্পর্কে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, সফরের দিনক্ষণ আমরা পরে ঠিক করব। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএআর/এসকে/২১৪৬ঘ.