কুষ্টিয়া, এপ্রিল ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কুষ্টিয়া-ঝিনাইদহ সড়কের বটতৈল এলাকায় শুক্রবার দুপুরে বাসের ধাক্কায় তিন ভ্যানযাত্রী নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও সাতজন।
নিহতরা হলেন- কুষ্টিয়া সদরের পাহাড়পুর গ্রামের আমিনুল ইসলাম (৪৫), পাবনার ঈশ্বরদীর সাহাপুর গ্রামের আব্দুল মান্নান (৩৮) ও নান্নু (২৮)।
আহতরা হলেন মিনারুল (৪০), হাশেম (৪২), সমীর (৩৫), জাকির (৩৩), লিয়াকত (২৫), কুদ্দুস (২৭) ও সামাদ (২৪)। তাদের কুষ্টিয়া ও ঝিনাইদহ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাঈন উদ্দিন জানান, দুপুর সাড়ে ১২ টার দিকে ঝিনাইদহ অভিমুখী হানিফ পরিবহনের একটি বাস বটতৈল এলাকায় শ্যালো ইঞ্জিনচালিত একটি ভ্যানকে (করিমন) ধাক্কা দিলে ভ্যানের যাত্রী আব্দুল মান্নান ঘটনাস্থলে মারা যান। আহতদের উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে মারা যান আমিনুল ও নান্নু।
নিহতের লাশ ময়না তদন্তের জন্য কুষ্টিয়া সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। বাসটি আটক করা হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/এমএসবি/২১৪৪ ঘ.
bdnews24