২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শিক্ষার দুর্নীতি সব খাতে দুর্নীতি ছড়াচ্ছে: আকবর আলি

রেগুলেটরি রিফর্মস কমিশনের চেয়ারম্যান ড. আকবর আলি খান বলেছেন, শিক্ষা খাতের দুর্নীতি দেশের সব খাতে দুর্নীতি ছড়াচ্ছে। অন্যান্য খাতের দুর্নীতি পাঁচ-সাত বছরে বন্ধ করা সম্ভব। কিন্তু শিক্ষা খাতের দুর্নীতি কয়েক প্রজন্মকে বহন করতে হয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Apr 2008, 09:34 AM

Updated : 26 Aug 2022, 01:45 PM

ঢাকা, এপ্রিল ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রেগুলেটরি রিফর্মস কমিশনের চেয়ারম্যান ড. আকবর আলি খান বলেছেন, শিক্ষা খাতের দুর্নীতি দেশের সব খাতে দুর্নীতি ছড়াচ্ছে। অন্যান্য খাতের দুর্নীতি পাঁচ-সাত বছরে বন্ধ করা সম্ভব। কিন্তু শিক্ষা খাতের দুর্নীতি কয়েক প্রজন্মকে বহন করতে হয়। তিনি বলেন, "অন্যান্য খাতের মত শুধু দুষ্টের দমনে শিক্ষা খাতকে দুর্নীতিমুক্ত করা সম্ভব নয়। শিক্ষাকে নৈতিকতার ভূমিকায় অবতীর্ণ হতে হবে। এই খাতের ব্যবসা বন্ধ করার ব্যবস্থা নিতে হবে। এ জন্য আয়কর আদায়সহ যা কিছু করা দরকার, সরকারকে তাই করতে হবে।" শুক্রবার সকালে জাতীয় প্রেসক্লাবে আয়োজিত 'শিক্ষা ক্ষেত্রে দুর্নীতি, উচ্চ শিক্ষার সমস্যা ও জাতীয় উন্নয়নে উচ্চ শিক্ষার গুরুত্ব' শীর্ষক এক গোলটেবিল আলোচনায় প্রধান অতিথির বক্তব্যে ড. আকবর আলি খান এ কথা বলেন। তিনি বলেন, "আমাদের ছোট্ট দেশে মানব সম্পদ ছাড়া অন্য কোনো উল্লেখযোগ্য সম্পদ নেই। মানব সম্পদ উন্নয়নে শিক্ষার কোনো বিকল্প নেই। অথচ শিক্ষা খাতের দুর্নীতি মানুষের ভালো-মন্দ বিচার করার ক্ষমতা নষ্ট করে দিচ্ছে। এটি মানব সম্পদ উন্নয়নে একটি বড় বাধা।" এছাড়া ব্যবসা প্রতিষ্ঠানকে শিক্ষা প্রতিষ্ঠান চালাতে দেওয়া ঠিক হবে না বলেও ড. আকবর আলি খান মত ব্যক্ত করেন। বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে মানদণ্ডের বিচারে চিহ্নিত করারও প্রস্তাব করেন তিনি। বিশেষ অতিথির বক্তব্যে সাউথ-ইস্ট বিশ্ববিদ্যালয়ের উপচার্য ড. শমসের আলী শিক্ষক নিয়োগ কমিশন গঠনের প্রস্তাব করেন তিনি বলেন, "এই কমিশন শিক্ষকদের যোগ্যতা নির্ধারণ করে তালিকা প্রকাশ করবে। এই তালিকা থেকে মেধার বিচারে শিক্ষকরা স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ে নিয়োগ পাবেন।" একইসঙ্গে স্বল্প মূল্যে তথ্য প্রযুক্তি বিষয়ক শিক্ষা গ্রাম পর্যায়ে ছড়িয়ে দেওয়ার জন্য 'নলেজ নেটওয়ার্ক' গঠনের প্রস্তাব করেন ড. শমসের । অধ্যাপক সাখাওয়াত আলী খান বলেন, "প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা থেকে ভাল ছাত্র-ছাত্রী বের না হলে জাতীয় উন্নয়ন সম্ভব নয়।" তিনি পাবলিক বিশ্ববিদ্যালয় ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের বেতন বৈষম্য দূর করার প্রস্তাব করেন। গ্রামীণ নাগরিক ফেডারেশন ও স্পেশাল নিউজ নেটওয়ার্ক এই গোলটেবিল আলোচনার আয়োজন করে। এতে সভাপতিত্ব করেন গ্রামীণ নাগরিকি ফেডারেশনের সভাপতি মোস্তফা আল্লামা। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন- অধ্যাপক শাহেদা ওবায়েদ, সাংবাদিক হাবিবুর রহমান মিলন, এলডিপি নেতা এনামুল হক, জাতীয় পার্টির নেতা খন্দকার মাহতাব উদ্দিন প্রমুখ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/ বিআর/ এমএসবি/১৫২৭ ঘ.