ঢাকা, এপ্রিল ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - কেরাণীগঞ্জের ইসলামাবাদ এলাকার বালুরমাঠ থেকে পুলিশ শুক্রবার সকালে লিয়াকত আলী নামে এক যুবকের জবাই করা লাশ উদ্ধার করেছে। পুলিশ বলছে নিহত যুবক সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত ছিল।
লিয়াকতের গ্রামের বাড়ি শরিয়তপুরের পালং থানার চরসন্দি গ্রামে। শুক্রবার সকাল সাড়ে ৯টায় খবর পেয়ে পুলিশ লিয়াকতের লাশ উদ্ধার করে। নিহতের গলা ছাড়াও শরীরের বিভিন্নস্থানে ৩৫টির মতো ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে বলে জানায় পুলিশ।
কেরাণীগঞ্জ থানার উপ পরিদর্শক মো. মাইনুদ্দিন আহমেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, বৃহস্পতিবার বিকালে লিয়াকতকে তার ২/৩জন বন্ধু বাসা থেকে ডেকে নিয়ে যায়। এরপর তার আর কোনো খোঁজ পাওয়া যায়নি। শুক্রবার সকালে তার লাশ পাওয়া যায়।
তিনি জানান, লিয়াকত সন্ত্রাসী ছিল। বেশ কিছুদিন আগে বোমাসহ সে পুলিশের হাতে ধরা পড়েছিল। তার বিরুদ্ধে একাধিক মামলাও রয়েছে।
ময়না তদন্তের জন্য লাশ মিটফোর্ট হাসপাতাল মর্গে নেওয়া হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এলএইচ/জিএনএ/১২২৫ ঘ.
bdnews24