ঢাকা, এপ্রিল ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-- যুক্তরাজ্যের বিদায়ী হাইকমিশনার আনোয়ার চৌধুরীর সম্মানে বৃহস্পতিবার গুলশানে ভারতীয় হাইকমিশনার পিনাক রঞ্জন চক্রবর্তী এক নৈশভোজের আয়োজন করেন।
পিনাক রঞ্জন চক্রবর্তীর বাসায় এ নৈশভোজে প্রধান নির্বাচন কমিশনার এটিএম শামসুল হুদা, আওয়ামী লীগ ও বিএনপির শীর্ষপর্যায়ের কয়েকজন নেতা, দুজন ঊর্ধতন সেনা কর্মকর্তাসহ বিশিষ্ট ব্যক্তিরা যোগ যোগ দেন।
রাজনৈতিক নেতাদের মধ্যে ছিলেন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি জিল্লুর রহমান, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম, খালেদা জিয়া মনোনীত বিএনপির মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেন, যুগ্ম মহাসচিব নজরুল ইসলাম খান।
দুই সেনাকর্মকর্তা হচ্ছেন সশস্ত্র বাহিনীর প্রিন্সিপাল স্টাফ অফিসার লে. জেনারেল মাসুদউদ্দীন চৌধুরী, চিফ অব জেনারেল স্টাফ মেজর জেনারেল সিনা ইবনে জামালী।
এ ছাড়া ছিলেন সাবেক অর্থ উপদেষ্টা ড. ওয়াহিদউদ্দীন মাহমুদ, সাবেক পররাষ্ট্র সচিব ফারুক সোবহান, প্রধান উপদেষ্টার প্রেস সচিব সৈয়দ ফাহিম মুনেম প্রমুখ।
বিএনপির যুগ্ম মহাসচিব নজরুল ইসলাম খান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "এটি ছিল বিদায়ী হাইকমিশনার আনোয়ার চৌধুরীর সম্মানে দেওয়া নৈশভোজের অনুষ্ঠান। আমন্ত্রিত অতিথি হিসেবে আমিও সেখানে গিয়েছিলাম।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/জিএমএ/এমএইচবি/০০০২ ঘ.
bdnews24