ঢাকা, এপ্রিল ২৩ (বিডিনিউহ টোয়েন্টিফোর ডটকম) - তাপপ্রবাহের কারণে প্রচণ্ড গরম আর ও লোডশেডিংয়ে বিপর্যস্ত জনজীবনে যুক্ত হয়েছে ডায়রিয়ার প্রাদুর্ভাব। দেশে এখন সর্বোচ্চ চাহিদার বিপরীতে সবচেয়ে বেশি লোডশেডিং চলছে। আর গত এক সপ্তাহে ডায়রিয়ায় তিনজনের মৃত্যুর খবর দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়ন্ত্রণ কক্ষ।
আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, দেশের বিভিন্ন এলাকার ওপর দিয়ে বয়ে যাওয়া তাপপ্রবাহ আরও কিছুদিন স্থায়ী হতে পারে।
আবহাওয়া অফিসের বুধবারের পূর্বাভাসে জানানো হয়, ঢাকা, খুলনা, বরিশাল, সিলেট বিভাগ ও রাজশাহী বিভগের কিছু এলাকাসহ ঈশ্বরদী, বগুড়া এবং চট্টগ্রাম বিভাগের উত্তরাঞ্চল দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। এটা অব্যাহত থাকতে পারে। আকাশ আংশিক মেঘলাসহ দিনের তাপমাত্রা অপরিবর্তিত থাকতে পারে।
আবহাওয়া অধিদপ্তরের মূখ্য আবহাওয়াবিদ সুজিত কুমার দেব শর্মা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, মে মাস পর্যন্ত এ ধরনের তাপপ্রবাহ থাকে। মে বাংলাদেশের উষ্ণতম মাস। বৃষ্টি হলে তাপমাত্রা কমে যায়। এরপর আবার বাড়তে থাকে। মৌসুমী বায়ু না আসা পর্যন্ত এটা অব্যাহত থাকে।
বুধবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় ঈশ্বরদীতে ৪০ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। রাজধানীতে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৬ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস। এছাড়া রাজশাহীতে ৩৮, খুলনায় ৩৭ দশমিক ২, বরিশালে ৩৬ ও সিলেটে ৩৬ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়।
দেশে এখন সর্বোচ্চ চাহিদার বিপরীতে সবচেয়ে বেশি লোডশেডিং চলছে। বুধবার দেশের বিদ্যুৎ ঘাটতির পরিমাণ ছিল প্রায় এক হাজার মেগাওয়াট।
বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের নিয়ন্ত্রণ কক্ষ জানিয়েছে, মঙ্গলবার ৪৬৫০ মেগাওয়াট চাহিদার বিপরীতে ৭৪২ মেগাওয়াট লোডশেডিং হয়। বুধবার লোডশেডিংয়ের সম্ভাব্য পরিমাণ ছিল ৭৭৩ মেগাওয়াট। এদিন পিক আওয়ারে সর্বোচ্চ উৎপাদন ধরা হয়েছে ৩৮০৮ মেগাওয়াট এবং চাহিদা ৪৭০০ মেগাওয়াট।
এদিকে গরমের কারণে দেশের বিভিন্ন এলাকায় ডায়রিয়ার প্রাদুর্ভাব দেখা দিয়েছে। মঙ্গলবার রাজধানীর কলেরা হাসপাতালে ৫১৯ জন ডায়রিয়া রোগী ভর্তি হয়। বুধবার সন্ধ্যা ৬টা পর্যন্তভর্তি হয়েছে ৩৯২ জন।
স্বাস্থ্য অধিদপ্তরের নিয়ন্ত্রণ কক্ষ জানিয়েছে, বুধবার সন্ধ্যা পর্যন্ত ২৪ ঘণ্টায় সারা দেশে দুই হাজার ৮৯ জন ডায়রিয়ায় আক্রান্ত হয়েছে। গত এক সপ্তাহে আক্রান্ত হয়েছে ১৩ হাজার ১৭ জন। এদের মধ্যে তিন জনের মৃত্যুর খবর পাওয়া গেছে।
বাংলাদেশ আন্তর্জাতিক উদরাময় গবেষণা কেন্দ্রের (আইসিডিডিআর,বি) শর্ট স্টে ইউনিটের প্রধান ডা. আজহারুল ইসলাম খান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "দেশে এপ্রিল-মে এবং সেপ্টেম্বর-অক্টোবরে ডায়রিয়ার প্রাদুর্ভাব বেড়ে যায়।"
তিনি বলেন, "আমাদের এখানে প্রতিদিন গড়ে ৫০০ জন রোগী ভর্তি হচ্ছে। আক্রান্তদের মধ্যে পাঁচ বছর বা কমবয়সী শিশুর সংখ্যা প্রায় অর্ধেক। এভাবে গরম ও আর্দ্রতা অব্যাহত থাকলে পরিস্থিতির অবনতি হতে পারে।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমআরএফ/টিএইচ/জেকে/এমএইচবি/২২৫১ ঘ.
bdnews24