ঢাকা, এপ্রিল ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নির্বাচন কমিশনের সঙ্গে সংলাপে যাওয়ার আগেই কারাবন্দি বিএনপি'র চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে দেখা করার অনুমতি চেয়েছেন সাইফুর রহমান ও অবসরপ্রাপ্ত মেজর হাফিজ উদ্দিন।
বুধবার দুপুরে বাড্ডা ও গুলশান থানা ছাত্রদল, যুবদলের শতাধিক নেতা-কর্মী সাক্ষাৎ করতে এলে তাদের উদ্দেশে তিনি বলেন, "আমরা অপর অংশকে নিয়েই ঐক্যবদ্ধভাবেই সংলাপে যেতে চাই। সংলাপে যাওয়ার আগে কারাবন্দি চেয়ারপারসনের সঙ্গে দেখা করার অনুমতি চেয়ে ইতোমধ্যে সাইফুর রহমান সাহেব ও আমি দরখাস্ত করেছি।''
নির্বাচন কমিশনের সঙ্গে সংলাপে বসার চিঠি পাওয়ার পর বুধবার সকাল থেকে বনানীর বাসায় শুভেচ্ছা জানাতে কয়েক'শ নেতা-কর্মী উপস্থিত হয়। বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হল, মহানগর উত্তর ও দক্ষিণসহ কয়েকটি থানার নেতা-কর্মীরা অস্থায়ী মহাসচিব মেজর হাফিজকে ফুল দিয়ে অভিনন্দন জানান।
এ উপলক্ষে দুই অনুষ্ঠানে অস্থায়ী মহাসচিব তাদের উদ্দেশে বক্তব্য দেন।
তিনি দলের ভেতরে গণতন্ত্র চর্চার প্রয়োজনীতার কথা উল্লেখ করে বলেন, ''১৪ বছর বিএনপির কোনো কাউন্সিল হয়নি। নেতৃত্ব নির্বাচনের কোনো ব্যবস্থা দলে নেই। আমরা দলের এসব অবস্থার পরিবর্তন চাই। দলের সর্বস্তরে নির্বাচনের মাধ্যমে কমিটি হতে হবে।''
তিনি ১/১১ পূর্ববর্তী রাজনৈতিক সহিংসতার কথা স্মরণ করে বলেন, ''দেশের মানুষ আর সেই অবস্থায় ফিরে যেতে চায় না। দলকে উন্নয়ন ও অগ্রগতির পথে নিতে হলে রাজনৈতিক হানাহানি ও জ্বালাও পোড়াও রাজনীতির অবসান ঘটাতে হবে।''
বিগত পাঁচ বছরে বিএনপি'র শাসনামলে নিজ দলের কিছু সংখ্যক নেতার কারণে দল বির্তকিত হয়েছে বলেও তিনি মন্তব্য করেন।
মেজর হাফিজ বলেন, ''খালেদা জিয়ার নেতৃত্বে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের বিএনপি ঐক্যবদ্ধ হয়ে আগামী নির্বাচনে অংশ নেবে। অবশ্যই অতীতের মতো জাতীয়তাবাদী শক্তির প্রতীক বিএনপিকে জনগণ আবার রায় দেবে।''
এ ব্যাপারে তিনি অপর পক্ষকে মত-ভিন্নতা ভুলে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।
অনুষ্ঠানে দলের চেয়ারপারসনের উপদেষ্টা অবসরপ্রাপ্ত মেজর জেনারেল জেড এ খান, এ এইচ এম মোফাজ্জ্বল করীম, সাবেক সাংসদ ফজলুল আজিম, আনোয়ার হোসেন খান চৌধুরী, নাসিরুল হক সাবু, ডা. জিয়াউল হক মোল্লা, অরুন মেহেদি, সাবেক ছাত্র নেতা মুনির হোসেন, সাইদুল হক মাহবুবু, আসাদুজ্জামান পলাশ, তারিকুল ইসলাম টিটো প্রমুখ উপস্থিত ছিলেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এমএআর/এমএ/১৯০২ ঘ.
bdnews24