রংপুর, এপ্রিল ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জামিনে মুক্তির পরপরই কারাগারের প্রধান ফটক থেকে আবার গ্রেপ্তার হয়েছেন যুবদল সাধারণ সম্পাদক ও সাবেক সাংসদ মোয়াজ্জেম হোসেন আলাল।
হাইকোর্ট থেকে জামিন পাওয়ার পর বুধবার বেলা সোয়া ৩টার সময় আলালকে রংপুর কারাগার থেকে ছেড়ে দেওয়া হয়। কারাগার থেকে বেরিয়ে আসার পরপরই পুলিশ আবার তাকে গ্রেপ্তার করে থানায় নিয়ে যায়। এর পর জরুরি বিধিমালা ভঙ্গের অভিযোগে গ্রেপ্তার দেখিয়ে বিকালেই তাকে আদালতে হাজির করা হয়। আদালত কারাগারে পাঠানোর নির্দেশ দিলে বিকাল সাড়ে ৫টার দিকে আলালকে আবার রংপুর কারাগারে ফিরিয়ে নেওয়া হয়।
রংপুর কোতয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী আহাম্মেদ হাশেমী সাংবাদিকদের জানান, মোয়াজ্জেম হোসেন আলাল জামিনে মুক্তি পেয়ে বুধবার বিকালে কারাগার থেকে বেরিয়েই দলীয় নেতা-কর্মীদের সঙ্গে নিয়ে জরুরি বিধিমালা ভঙ্গ করে সরকারবিরোধী উস্কানিমূলক বক্তব্য দেওয়ায় তাকে গ্রেপ্তার করা হয়েছে।
নাম প্রকাশে অনিচ্ছুক এক কারা কর্মকর্তা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, আলাল তার বিরুদ্ধে মামলায় হাইকোর্ট থেকে জামিন পান। সে আদেশের অনুলিপি রংপুর কারাগারে আসার পর বুধবার তাকে ছেড়ে দেওয়া হয়।
কারাগারের ফটকে গ্রেপ্তারের পর আলালকে প্রথমে কোতোয়ালি থানায় নিয়ে যাওয়া হয়। সেখান থেকে বিকাল ৫টার সময় তাকে রংপুর বিচার বিভাগীয় মুখ্য হাকিমের আদালতে হাজির করা হয়।
আলালকে পুনরায় গ্রেপ্তার নিয়ে আদালতে পাঠানো পুলিশের প্রতিবেদনে বলা হয়েছে, আলাল মুক্তি পেয়ে কারাগারের সীমানা প্রাচীর অতিক্রম করে রংপুর-দিনাজপুর মহাসড়কের কাছে এলে রংপুর শহরের বিএনপি, যুবদল ও অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা তাকে ঘিরে ধরে বিভিন্ন স্লোগান দেওয়ার চেষ্টা করে। ওই সময় আলাল নিজে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের সামনে এসে উপস্থিত নেতা-কর্মীদের উদ্দেশে সরকারবিরোধী উস্কানিমূলক বক্তব্য দিয়ে কর্মীদের উত্তেজিত করার অপপ্রয়াস চালান। এর মধ্য দিয়ে তিনি জরুরি বিধিমালা লঙ্ঘন করেছেন। সে কারণে জরুরি বিধিমালার ২০০৭ এর ১৬(২) ধারায় তাকে গ্রেপ্তার করা হয়েছে।
বিচারক তখন আলালকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
আদালত থেকে কারাগারে নেওয়ার সময় মোয়াজ্জেম হোসেন আলাল সাংবাদিকদের কাছে অভিযোগ করেন, এক জন সাবেক সাংসদ হিসেবে প্রথম শ্রেণির বন্দির মর্যাদা পাওয়ার কথা থাকলেও তাকে তা দেওয়া হয়নি।
সাবেক বিএনপি সাংসদ আলালকে গত ৮ ফেব্র"য়ারি রাজধানীর মোহাম্মদপুর থানা পুলিশ গ্রেপ্তার করে। প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরে ফুল দেওয়ার সময় বিএনপির দুই অংশের ধাওয়া- পাল্টা ধাওয়ার ঘটনায় তাকে গ্রেপ্তার করা হয়। গত ৬ মার্চ তাকে ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে রংপুর কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১৯০২ ঘ.
bdnews24