ঢাকা, এপ্রিল ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কাজের সন্ধানে অবৈধভাবে ইরাকের কুর্দিস্তানে যাওয়া ৪২ জন বাংলাদেশী বুধবার দেশে ফিরেছেন। জাতিসংঘের অভিবাসন শাখা ইন্টারন্যাশনাল অরগানাইজেশন ফর মাইগ্রেশন (আইওএম) এর এক স্থানীয় কর্মকর্তা একথা জানিয়েছেন।
কুর্দিস্তান থেকে এমিরেটসের একটি ফ্লাইটে সকাল সাড়ে আটটায় তারা জিয়া আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছেছেন বলে জানান, আইওএম এর ঢাকা কার্যালয়ের প্রোগ্রাম অফিসার উত্তম কুমার দাস।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, "কুর্দিস্তানে আটকে পড়া বাংলাদেশীদের দেশে ফিরে আনতে সহায়তা করেছে আইওএম।"
কুর্দিস্তানে অবস্থানরত বাংলাদেশীদের দুর্ভোগের ওপর স্থানীয় ও আন্তর্জাতিক গণমাধ্যমে প্রতিবেদন প্রচারিত হবার পর তাদের দেশে ফেরত আনতে সরকার আইওএম'র মাধ্যমে উদ্যোগ নেয়।
২০০৩ সালের মার্চ মাসে ইরাকে মার্কিন সামরিক অভিযানের পর থেকে বাগদাদে বাংলাদেশের কোন দূতাবাস নেই।
মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে চাকরি পাওয়ার আশায় প্রতারিত ওই বাংলাদেশীদের প্রত্যেকে দালালকে দুই লাখ টাকা করে দিয়েছিলেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেআরসি/এফএফ/এসকে/১২৫৮ঘ.
bdnews24