২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

খাদ্য উৎপাদন বাড়াতে প্রয়োজনে ভর্তুকি বাড়ানো হবে: মালেক

খাদ্য উৎপাদন বাড়ানোর জন্য সার, সেচ ও বীজের জন্য প্রয়োজনে ভর্তুকি বাড়ানো হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল এম এ মালেক।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Apr 2008, 03:07 PM

Updated : 26 Aug 2022, 01:44 PM

হবিগঞ্জ, এপ্রিল ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- খাদ্য উৎপাদন বাড়ানোর জন্য সার, সেচ ও বীজের জন্য প্রয়োজনে ভর্তুকি বাড়ানো হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল এম এ মালেক। তিনি বলেন, "আমাদের খাদ্যশস্য আমাদেরকেই উৎপাদন করতে হবে। এর কোন বিকল্প নেই। খাদ্য সমস্যার সমাধানে জনসংখ্যা নিয়ন্ত্রণেও জোর দিতে হবে।" মঙ্গলবার সকালে ডাক ও টেলিযোগাযোগ এবং সমাজকল্যাণ মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত বিশেষ সহকারী এম এ মালেক হবিগঞ্জ সার্কিট হাউসে এক মতবিনিময় সভায় এ কথা বলেন। তিনি জানান, দেশের খাদ্য শস্যের প্রয়োজন মেটাতে বৃহত্তর সিলেটের অনাবাদি জমি চাষাবাদের আওতায় আনতে হবে। এখানকার একফসলি জমিকে পরিকল্পিতভাবে তিন ফসলি জমিতে রূপান্তর করতে হবে। বিদ্যুৎ সমস্যা প্রসঙ্গে বিশেষ সহকারী বলেন, দেশে খাদ্য সমস্যার পাশাপাশি বিদ্যুৎ সমস্যাও প্রকট আকার ধারণ করেছে। প্রতি বছর বিদ্যুতের চাহিদা ১০ শতাংশ করে বাড়লেও উৎপাদন তেমন একটা বাড়ছে না। দেশের কয়লা শক্তি ব্যবহার করে শিগগিরই বিদ্যুৎ উৎপাদন বাড়ানো না হলে বড় ধরনের সংকট দেখা দেবে বলে তিনি মনে করেন। তিনি বলেন, দেশের ঐতিহ্যবাহী ডাক ও টেলিযোগাযোগ বিভাগকে আরও আধুনিক ও গতিশীল করার পরিকল্পনা নেওয়া হয়েছে। এম এ মালেক জানান, বিটিটিবির টেলিফোনের কল রেট কমানোর পাশাপাশি গ্রাহক সংখ্যা বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে। শিগগিরই সাবমেরিন কেবলকে কাজে লাগিয়ে গ্রাহকদের ব্রডব্যান্ড ইন্টারনেট সংযোগ দেওয়া হবে। জেলা প্রশাসক মো. আতাউর রহমানের সভাপতিত্বে অন্যদের মধ্যে বক্তব্য দেন, পুলিশ সুপার মো. রফিকুল ইসলাম, হবিগঞ্জ যৌথবাহিনী অধিনায়ক লে. কর্র্নেল আরিফ মোহাম্মদ, সরকারি বৃন্দাবন কলেজ এর অধ্যক্ষ ইকরামুল ওয়াদুদ, পৌরসভার ভারপ্রাপ্ত চেয়ারম্যান বেগম খালেদা জুয়েল, প্রেসক্লাব সভাপতি অ্যাডভোকেট মো. আমির হোসেন, জেলা বার সভাপতি অ্যাডভোকেট এম এ মজিদ খান, চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্্িরর সভাপতি তকাম্মুল হোসেন কামাল প্রমুখ। পরে বিশেষ সহকারী এম এ মালেক মৌলভীবাজার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে সরকারি কর্মকর্তা, স্থানীয় পেশাজীবী শ্রেণী ও সুধীজনের সঙ্গে মতবিনিময় করেন। তিনি হবিগঞ্জ ও মৌলভীবাজারে আদিবাসীদের সঙ্গেও মতবিনিময় করেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএআর/এমএসবি/২১০৩ ঘ.