২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাভারে গার্মেন্টস কারখানায় হামলার ঘটনায় দুটি মামলা

সাভারে ঢাকা রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চল (ডিইপিজেড) এর আমরা এ্যাপারেলস্ লিমিটেডের কারখানায় হামলা, ভাংচুরের ঘটনায় পৃথক দুটি মামলা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Apr 2008, 02:43 PM

Updated : 26 Aug 2022, 01:44 PM

সাভার, এপ্রিল ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সাভারে ঢাকা রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চল (ডিইপিজেড) এর আমরা এ্যাপারেলস্ লিমিটেডের কারখানায় হামলা, ভাংচুরের ঘটনায় পৃথক দুটি মামলা হয়েছে। এছাড়া মঙ্গলবার কারখানাটি অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। পুলিশের ওপর অতর্কিতে হামলার অভিযোগে সোমবার মধ্যরাতে আশুলিয়া থানার উপ-পরিদর্শক ফয়েজ আহমেদ একটি মামলা (নম্বর-৭৮) করেন। এতে অজ্ঞাতনামা সাত থেকে আটশ' শ্রমিককে আসামি করা হয়েছে। মঙ্গলবার দুপুরে আমরা এ্যাপারেলস্ লিমিটেডের প্রশাসনিক কর্মকর্তা কাওসার মোল্লা অপর মামলাটি (নম্বর-৭৯) করেন। এ মামলায় ১৫ জনের নাম উল্লেখসহ আরও সাত থেকে আটশ' শ্রমিককে আসামি করা হয়। এই ১৫ শ্রমিক হলেন- জেসমিন আক্তার, শামসুজ্জোহা, হান্নান, ইব্রাহিম, লিটন, লতা, ইয়াসমিন, সুন্দরী, রেজাউল করীম, এনামুল হক, আবুল কামাল আজাদ, দেলোয়ার হোসেন, সজিব, রবিউল, রাশিদা খান। এছাড়া সোমবার আটক মনিরা আক্তারকেও এই মামলায় আসামি করা হয়েছে। সোমবার আমরা এ্যাপারেলস লিমিটেড নামের সোয়েটার তৈরির এই কারখানার শ্রমিকরা ছাঁটাইয়ের গুজবে বিক্ষুব্ধ হয়ে হামলা ও ভাংচুরের ঘটনা ঘটায়। এতে পুলিশসহ শতাধিক ব্যক্তি আহত হয়। আশুলিয়া থানার উপর পরিদর্শক মুরাদ আলী পুলিশের ওপর হামলার অভিযোগে মামলা করার খবরটি নিশ্চিত করে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, হামলাকারী শ্রমিকদের সনাক্ত করে গ্রেপ্তারের চেষ্টা চলছে। কারখানা কর্তৃপক্ষের করা মামলার তদন্তকারী কর্মকর্তা উপ পরিদর্শক শাহীন পারভেজ জানান, সোমবার ঘটনাস্থল থেকে যে তিন মহিলা শ্রমিককে গ্রেপ্তার করা হয়েছিল তাদের মধ্যে মনিরা আক্তারকে হামলাকারী হিসেবে সনাক্ত করেছে কারখানা কর্তৃপক্ষ। তাকে মঙ্গলবার আদালতে পাঠানো হয়েছে এবং আটক জোসনা ও সালমাকে ছেড়ে দেওয়া হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২০৩৮ ঘ.