চট্টগ্রাম, এপ্রিল ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিস্ফোরণে প্রায় বিধ্বস্ত বাংলার সৌরভ আবার সমুদ্রে নেমেছে। দুই বছর পর মঙ্গলবার জাহাজটি পরীক্ষামূলকভাবে চালানো শেষে কর্তৃপক্ষ জানিয়েছে আগামী দু'মাসের মধ্যে এটি আবার আগের মত তেল পরিবহনের কাজ শুরু করতে পারবে।
২০০৬ সালের ২৪ জুন চট্টগ্রাম বন্দরের বহিনোঙরে বাংলাদেশ শিপিং করপোরেশনের (বিএসসি) জাহাজ বাংলার সৌরভকে গ্যাসমুক্ত করার সময় ভয়াবহ বিস্ফোরণে এর চার নম্বর ট্যাংকের প্রায় ৫০০ টন প্লেট উড়ে যায়। এতে তেলবাহী জাহাজটি প্রায় দ্বিখণ্ডিত হয়ে যায়। এ দুর্ঘটনায় জাহাজের একজন ক্যাডেট অফিসার, চিফ অফিসার ও পাম্পম্যান মারা যান।
চিটাগাং ড্রাইডক থেকে বন্দরের বহিনোঙ্গর পর্যন্ত পরীক্ষামূলকভাবে (সি ট্রায়াল) চালানো হয় বাংলার সৌরভ। এতে সন্তোষ প্রকাশ করে জাহাজের ডেকে বিএসসির প্রধান প্রকৌশলী শাহ আলম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "নতুন করে নির্মাণের পর জাহাজটি পূর্বাবস্থায় ফিরে এসেছে এবং গতি বেড়েছে। বিদেশের কোন সাহায্য ছাড়া বাংলাদেশে প্রথমবারের মত এরকম ক্ষতিগ্রস্ত জাহাজের পুননির্মাণ সম্ভব হয়েছে।"
তিনি জানান, পুরোপুরিভাবে জনবল প্রাপ্তি এবং অন্যান্য আনুষাঙ্গিক কাজ শেষ হওয়া সাপেক্ষে আগামী দেড় থেকে দুমাসের মধ্যে ১৫ হাজার মেট্রিক টন ধারণ ক্ষমতাসম্পন্ন বিশেষায়িত এই জাহাজটিতে বাণিজ্যিকভাবে তেল পরিবহন শুরু করা যাবে। জাহাজটি বিএসসির বহরে সংযোজিত হওয়ায় সংস্থা আর্থিকভাবে লাভবান হয়েছে বলে তিনি মনে করেন।
তিনি বলেন, "নষ্ট হয়ে যাওয়া বাংলার সৌরভের সমমানের আরেকটি জাহাজ বিএসসির পক্ষে কেনা সম্ভব হতো না। পুনর্র্নিমাণের পর জাহাজটিকে আমরা আগের মানেই ফিরে পেয়েছি। যার বর্তমান মূল্য প্রায় দুইশ কোটি টাকা।"
দেশীয় জাহাজ নির্মাণ প্রতিষ্ঠান কর্ণফুলী শিপ বিল্ডার্স লিমিটেড প্রায় বিধ্বস্ত বাংলার সৌরভ উদ্ধার ও পুননিমার্ণের কাজ করেছে। এতে সময় লেগেছে ২১ মাস। খরচ হয়েছে ৩৩ কোটি টাকা।
বাংলার সৌরভের সি ট্রায়াল অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন- মংলা বন্দরের হারবার মাস্টার ক্যাপ্টেন মামুন, চট্টগ্রাম বন্দরের ক্যাপ্টেন নাজমুল, ফ্রান্সভিত্তিক সার্ভেয়িং প্রতিষ্ঠান ব্যুরো ভারিতাস এর সার্ভেয়ার হারুনুর রশিদ, কর্ণফুলী শিপ বিল্ডার্সের ক্যাপ্টেন আমীরুল ইসলাম এবং বিভিন্ন পত্রিকাসহ সংবাদ মাধ্যমের সাংবাদিকরা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/এফআই/এমএসবি/১৯৫৮ ঘ.
bdnews24