২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হাইকোর্টে হাজির হয়ে রায় বাস্তবায়নের অগ্রগতি জানালেন তিন সচিব

উচ্চ আদালতের বিচারকের ব্যক্তিগত সহকারীদের দ্বিতীয় শ্রেণীর কর্মকর্তার মর্যাদা দিতে হাইকোর্টের আদেশ বাস্তবায়নের অগ্রগতি আদালতকে জানিয়েছেন সরকারের তিন সচিব।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Apr 2008, 04:13 PM

Updated : 26 Aug 2022, 01:44 PM

ঢাকা, এপ্রিল ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- উচ্চ আদালতের বিচারকের ব্যক্তিগত সহকারীদের দ্বিতীয় শ্রেণীর কর্মকর্তার মর্যাদা দিতে হাইকোর্টের আদেশ বাস্তবায়নের অগ্রগতি আদালতকে জানিয়েছেন সরকারের তিন সচিব। অর্থ সচিব ড. মোহাম্মদ তারেক, সংস্থাপন সচিব আবদুস সালাম খান ও ভারপ্রাপ্ত আইন সচিব কাজী হাবিবুল আওয়াল সোমবার হাইকোর্টে হাজির হন। আদালত আগামী ১৯ মে আবারো তাদের হাজির হতে বলেছে। বিচারপতি এম এ রশিদ ও বিচারপতি মো. আশফাকুল ইসলামের বেঞ্চ এ আদেশ দেয়। এক রিট আবেদনের রায়ে ২০০৩ সালের ৫ নভেম্বর হাইকোর্ট উচ্চ আদালতের বিচারকদের ব্যক্তিগত সহকারীদের দ্বিতীয় শ্রেণীর কর্মকর্তার মর্যাদা ও বেতন স্কেল তিন মাসের মধ্যে দেওয়ার জন্য অর্থ, সংস্থাপন ও আইন সচিবকে নির্দেশ দেয়। শামসুল হক নামের একজন ব্যক্তিগত সহকারী ওই রিট আবেদন করেছিলেন। রায়ের বিরুদ্ধে সরকার আপিল করলে ২০০৬ সালের ৯ আগস্ট আপিল বিভাগ সেই আবেদন খারিজ করে। এর পরও হাইকোর্টের রায় বাস্তবায়ন না করায় শামসুল হক এই তিন সচিবের বিরুদ্ধে আদালত অবমাননার মামলা করেন। এর পরিপ্রেক্ষিতে হাইকোর্ট গত ২২ জানুয়ারি আদালত অবমাননার অভিযোগে তিন সচিবের বিরুদ্ধে কেন শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে না- তা কারণ জানাতে রুল জারি করে। এরপর তিন সচিব ১০ ফেব্র"য়ারি, ১৪ ফেব্র"য়ারি ও ২০ মার্চ হাইকোর্টে তিনদফা হাজির হয়ে রায় বাস্তবায়নের অঙ্গীকার করেন। সোমবারও তারা হাজিরা দিয়ে রায় বাস্তবায়নের অগ্রগতি জানান। হাইকোর্টের রায় অনুযায়ী ২০০৪ সালের ৪ ফেব্র"য়ারি থেকে বিচারপতিদের ব্যক্তিগত সহকারীদের দ্বিতীয় শ্রেণীর মর্যাদা ও বেতন স্কেল দেওয়ার কথা ছিল। আগামী ১৯ মে এই তিন সচিবকে আবারো আদালতে উপস্থিত হয়ে রায় বাস্তবায়ন করার বিষয়টি হলফনামা আকারে জানানোর নির্দেশ দেওয়া হয়েছে। তিন সচিবের পক্ষে মামলা পরিচালনা করেন অ্যাডভোকেট শামীম খালেদ আহমেদ, ব্যারিস্টার এম এ সামাদ ও ড. শাহদীন মালিক। বিচারপতিদের ব্যক্তিগত সহকারীদের পক্ষে শুনানিতে অংশ নেন সিনিয়র অ্যাডভোকেট মাহমুদুল ইসলাম। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এটি/এসএনডি/এমএইচবি/২২০৮ ঘ.