২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে মালিকপক্ষের হামলায় ছয় গার্মেন্টস শ্রমিক আহত

নগরীর লালদিঘীর পাড়ে একটি তৈরি পোশাক কারখানায় সোমবার মালিকপক্ষের লোকজনের হামলায় ছয় শ্রমিক আহত হয়েছেন। আহতদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। এরা হলেন- সাজু (২৫), আবু জাফর (২৬), সেলিম (৩৫), রোকেয়া (৩২), মনির (২৪) ও সোহেল (২২)।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Apr 2008, 03:23 PM

Updated : 26 Aug 2022, 01:44 PM

চট্টগ্রাম, এপ্রিল ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নগরীর লালদিঘীর পাড়ে একটি তৈরি পোশাক কারখানায় সোমবার মালিকপক্ষের লোকজনের হামলায় ছয় শ্রমিক আহত হয়েছেন। আহতদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। এরা হলেন- সাজু (২৫), আবু জাফর (২৬), সেলিম (৩৫), রোকেয়া (৩২), মনির (২৪) ও সোহেল (২২)। শ্রমিকদের বরাত দিয়ে পুলিশ জানায়, সোমবার সকালে প্রিমিয়ার স্টার লিমিটেড নামে সোয়েটার কারখানায় শ্রমিকরা বেতন বাড়ানো ও বকেয়া বেতন পরিশোধের দাবিতে কারখানা প্রাঙ্গণে বিক্ষোভের প্রস্তুতি নিচ্ছিল। এ সময় মালিকপক্ষের লোকজন তাদের ওপর হামলা চালালে বেশ কয়েকজন আহত হন। এদের মধ্যে ছয়জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। কোতয়ালি থানার উপ-পরিদর্শক মো. জাহেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সংঘর্ষের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং আহতদের হাসপাতালে হস্তান্তর করে। বিজিএমইএ কর্মকর্তাদের মধ্যস্থতায় বিরোধ মীমাংসা হয়েছে। বাংলাদেশ তৈরি পোশাক প্রস্তুত ও রপ্তানিকারক সমিতি বিজিএমইএ'র সচিব মঈন উদ্দিন জানান, প্রিমিয়ার স্টার লিমিটেডে সংঘর্ষের খবর পেয়ে বিজিএমইএ'র নেতারা ঘটনাস্থলে যান এবং উভয় পক্ষের সঙ্গে আলোচনা করে বিষয়টি সুরাহা করেন। তিনি বলেন, "বেতন ভাতা নয় ছুটি ও দুই সুপারভাইজারের বিরুদ্ধে অভিযোগ নিয়ে শ্রমিকদের মধ্যে অসন্তোষ দেখা দিয়েছিল।" এ ঘটনার পর দুপুরের পর শ্রমিকরা আবার কাজে যোগ দেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/আরএআর/ডিডি/এমএসবি/২১১৮ ঘ.