ঢাকা, এপ্রিল ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- অবৈধ পন্থায় উপার্জন নিরুৎসাহিত করতে আইনি পদক্ষেপ জোরদার করার আহ্বান জানিয়েছেন ড. কামাল হোসেন। একইসঙ্গে তিনি বলেছেন, জনগণের সম্পদ লুণ্ঠনকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। তাদের আইনের কাঠগড়ায় দাঁড় করাতে হবে।
রোববার জাতীয় প্রেসক্লাবে এক অনুষ্ঠানে ড. কামাল হোসেন বলেন, "অবৈধ উপার্জন না করতে দেশের মানুষকে উৎসাহিত করতে হবে। আমাদের সংবিধানে অবৈধ আয় নিরুৎসাহিত করার বিধান রয়েছে। এক্ষেত্রে আইনি পদক্ষেপ জোরদার করতে হবে।"
'সাপোর্ট অ্যাডভার্টাইজিং লিমিটেড' নামক একটি বিজ্ঞাপনী সংস্থার উদ্যোগে সারাদেশে দুর্নীতির বিরুদ্ধে স্বাক্ষর সংগ্রহের প্রচারণার কার্যক্রম তুলে ধরতে ওই অনুষ্ঠান আয়োজন করা হয়।
ড. কামাল হোসেন দুর্নীতির বিরুদ্ধে জাতীয় ঐকমত্য গড়ে তোলার আহ্বান জানিয়ে বলেন, "দুর্বৃত্তায়িতদের হুঁশিয়ার করে দিতে হবে। তাদের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর এখন সময়। দুর্নীতি রোধ করা না গেলে দেশের মানুষের উন্নতি হবে না।"
তিনি বলেন, "যারা জনগণের সম্পদ লুটপাট করেছে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। তাদের আইনের কাঠগড়ায় দাঁড় করাতে হবে।"
অনুষ্ঠানে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের চেয়ারম্যান ড. মোজাফ্ফর আহমেদ বলেন, "দুর্নীতি দেশের সম্ভাবনাকে বিনষ্ট করেছে। দুর্নীতি রোধে সাধারণ মানুষকেই এগিয়ে আসতে হবে। কারণ ক্ষমতাধররা দুর্নীতির মাধ্যমে সুবিধা নিয়ে থাকেন।"
গণস্বাক্ষর অভিযান দুর্নীতি বিরুদ্ধে জনমত গড়ে তুলতে সহায়ক ভূমিকা রাখবে জানিয়ে কর্মসূচির সাফল্য কামনা করেন ড. মোজাফ্ফর আহমেদ।
অনুষ্ঠানে সাপোর্ট অ্যাডভার্টাইজিং লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক খন্দকার সাইদ, এস এ সামাদ, রাইসুল করীম ও আব্বাস উদ্দিন আফসারী প্রমুখ উপস্থিত ছিলেন।
আয়োজকরা জানান, 'আমি কখনও দুর্নীতি করব না, দুর্নীতিকে প্রশ্রয় দেব না; আসুন সবাই বলি'- এ অঙ্গীকারে আগামী ১ মে থেকে স্বাক্ষর সংগ্রহ অভিযান শুরু হবে। ছয় মাস ধরে অভিযান চলবে।
এই কার্যক্রমের আওতায় দেশের ৫ কোটি মানুষের স্বাক্ষর সংগ্রহ করার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে জানিয়ে আয়োজকরা বলেন, নির্ধারিত ফরমে স্বাক্ষর সংগ্রহ করার পর তা দুর্নীতি দমন কমিশনের কাছে জমা দেওয়া হবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এমআই/১৪৩৩ ঘ.
bdnews24