ঢাকা, এপ্রিল ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ব্যারিস্টার দেবাশীষ রায়ের মা রাণী আরতী রায় (৭৩) হৃদযন্ত্রের সমস্যার কারণে হাসপাতালে ভর্তি হয়েছেন।
শনিবার রাতে ব্যারিস্টার দেবাশীষ রায় ল্যাব এইড হাসপাতাল থেকে মোবাইল ফোনে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "গতকাল (শুক্রবার) রাতে হৃদযন্ত্রে কিছু সমস্যা দেখা দেওয়ায় মা'কে ল্যাবএইড হাসপাতালে ভর্তি করা হয়েছে।" (দেবাশীষ রায়ের বক্তব্যসহ)
আরতি রায়ের অবস্থা কতটা গুরুতর জানতে চাইলে প্রধান উপদেষ্টার পরিবেশ ও বন এবং পার্বত্য চট্টগ্রাম বিষয়ক এই বিশেষ সহকারী বলেন, "ডাক্তাররা এখনো স্পষ্ট কিছু জানাননি। স্বাস্থ্য পরীক্ষার পর মঙ্গলবার তা জানা যাবে।"
এর আগে ল্যাবএইড কার্ডিয়াক হাসপাতালের মিডিয়া কো-অর্ডিনেটর মেজবাহ য়াযাদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, রাণী আরতি রায় শুক্রবার বুকে ব্যথা নিয়ে ভর্তি হন। তিনি করোনারি কেয়ার ইউনিটে ড. বরেণ চক্রবর্তীর তত্ত্বাবধানে চিকিৎসা নিচ্ছেন। তার চিকিৎসার জন্য পাঁচ সদস্যের মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে।
রাণী আরতি রায় রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আমলে উপজাতীয় বিষয়ক উপদেষ্টা ছিলেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমআরএফ/বিআর/এমএআর/এসকে/২১০৭ঘ.
bdnews24