২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হাসিনাকে এই মুহূর্তে বিদেশ পাঠানোর সিদ্ধান্ত নেই: স্বরাষ্ট্র উপদেষ্টা

স্বরাষ্ট্র উপদেষ্টা এম এ মতিন বলেছেন, শেখ হাসিনাকে চিকিৎসার জন্য দেশের বাইরে পাঠানোর কেনো সিদ্ধান্ত এই মুহূর্তে সরকারের নেই। বৃহস্পতিবার কারা সপ্তাহ উদ্বোধনের পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র উপদেষ্টা এ কথা বলেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Apr 2008, 01:18 PM

Updated : 26 Aug 2022, 01:43 PM

ঢাকা, এপ্রিল ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - স্বরাষ্ট্র উপদেষ্টা এম এ মতিন বলেছেন, শেখ হাসিনাকে চিকিৎসার জন্য দেশের বাইরে পাঠানোর কেনো সিদ্ধান্ত এই মুহূর্তে সরকারের নেই। বৃহস্পতিবার কারা সপ্তাহ উদ্বোধনের পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র উপদেষ্টা এ কথা বলেন। বকশিবাজার কারা অধিদপ্তর কার্যালয়ের মাঠে কারা সপ্তাহের অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, "কারাগার থেকে বেরিয়ে বন্দিরা যাতে আরো বড় অপরাধী হিসেবে আবির্ভুত না হয়, তারা যাতে সুনাগরিক হিসেবে সমাজে প্রতিষ্ঠা পেতে পারে, সেজন্য বন্দিদের প্রতি মানবিক আচরণ করতে হবে। তাদের অধিকার সমুন্নত রাখতে হবে। তাহলেই কারাগার প্রকৃত সংশোধনাগার হিসাবে গড়ে উঠবে।" তিনি জানান, ইতোমধ্যে কারা অধিদপ্তরের সংশোধিত এডিপিতে ৬টি প্রকল্পের অনুকূলে প্রায় ৯৭ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। ১২টি জেলায় ১৬৩ কোটি টাকা ব্যয়ে জেলা কারাগার নির্মাণের কাজও এগিয়ে চলেছে। এছাড়া ৩১৭ কোটি টাকা ব্যয়ে ঢাকার কেরাণীগঞ্জে কেন্দ্রীয় কারাগার নির্মাণের প্রকল্প হাতে নিয়েছে সরকার। এর আগে উপদেষ্টা কারা সপ্তাহের উদ্বোধন করেন। বন্দি ও কারা কর্মকর্তা-কর্মচারীদের কল্যাণ এবং তাদের প্রশাসনিক কর্মকাণ্ডের ওপর ভিত্তি করে ১২টি কারাগারকে পুরস্কৃত করা হয়। এম এ মতিন পরে কারা মেলার উদ্বোধন করেন এবং কারাগারের কর্মকাণ্ডের ওপর নির্মিত ১০ মিনিটের একটি প্রামাণ্যচিত্র দেখেন। অন্যান্যের মধ্যে স্বরাষ্ট্র সচিব আব্দুল করিম, বাংলাদেশ রাইফেলসের মহাপরিচালক মেজর জেনারেল শাকিল আহমেদ, নৌবাহিনীর প্রধান রিয়ার অ্যাডমিরাল সারোয়ার জাহান নিজাম, কোস্টগার্ডের মহা পরিচালক কমডোর মোকসুমুল কাদের, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স মহা পরিচালক ব্রিগ্রেডিয়ার জেনারেল নায়েম মো. সাইদুল্লাহ, র‌্যাবের মহাপরিচালক হাসান মাহমুদ খন্দকার, ঢাকা মহানগর পুলিশ কমিশনার নাইম আহমেদসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। ২০০৬ সালে প্রথমবারের মতো দেশে কারা সপ্তাহ পালন করা হয়। সেই হিসেবে এটি তৃতীয় কারা সপ্তাহ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলএইচ/জেকে/এমএইচবি/১৯১০ ঘ.