সিলেট, এপ্রিল ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সিলেটের দক্ষিণ সুরমা, বালাগঞ্জ, বিশ্বনাথ, সদর উপজেলার একাংশে ও সুনামগঞ্জের ছাতক উপজেলায় বৃহস্পতিবার সকালে ঝড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। সকাল সাড়ে ৯ টা থেকে ৯ টা ৫০ মিনিট পর্যন্ত ২০ মিনিট স্থায়ী এ ঝড়ে বিধ্বস্ত হয়েছে প্রায় আটশ' কাঁচা ঘর-বাড়ি। এ ছাড়া শিলাবৃষ্টিতে বোরো ফসলেরও ব্যাপক ক্ষতি হয়েছে।
সিলেটের দক্ষিণ সুরমার জালালপুর, সিলাম ও লালাবাজার ইউনিয়নে ঝড়ে উপজেলার তিন ইউনিয়নে প্রায় ২০০ কাঁচা ঘর-বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। এর মধ্যে জালালপুর ইউনিয়নে ১৫০ ঘর-বাড়ি বিধ্বস্ত হয়। এছাড়া সাতটি বৈদুূতিক খুটি উপড়ে পড়ায় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। উপজেলা প্রশাসন জালালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে কয়েকটি পরিবারকে আশ্রয় দিয়েছে।
জালালপুর ইউনিয়নের বাসিন্দা ফখরুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, তাদের ইউনিয়নের বারা হাওরের প্রায় ১৫শ একর জমির বোরো ফসল শিলা বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত হয়েছে। লালাবাজার ইউনিয়নে ৪০ টি এবং সিলাম ইউনিয়নে বিধ্বস্ত হয়েছে ১০টি কাঁচা ঘর-বাড়ি। অনেক জায়গায় ঘরের চালায় গাছ ভেঙে পড়ে বেশ কয়েকজন আহত হয়েছে। এর মধ্যে লালাবাজারের বিবিদইল গ্রামের আবদুল মছব্বির, আব্দুল কাদির, আমির আলী, আখলাক আলী ঘরচাপায় গুরুতর আহত হন। তাদের সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সদর উপজেলার টুকেরবাজারে বিধ্বস্ত হয়েছে ৬০টি কাঁচা ঘরবাড়ি। বালাগঞ্জের দেওয়ান বাজার, পূর্ব গৌরিপুর ও পশ্চিম গৌরিপুর ইউনিয়নে প্রায় দুশ' ঘর-বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। দেওয়ান বাজার ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আব্দুল জলিল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, তার ইউনিয়নে প্রায় ৩শ পরিবার খোলা আকাশের নিচে রয়েছে। ঝড়ের সময় শিলাবৃষ্টিতে ব্যাপক ক্ষতি হয়েছে পাকা ধানের।
তিনি জানান, ক্ষয়ক্ষতির তালিকা তৈরি করে উপজেলা প্রশাসনকে অবহিত করতে বলা হয়েছে।
পূর্ব গৌরিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবদুল মতিন জানান, ঝড়ে তার ইউনিয়নে শতাধিক ঘর-বাড়ি বিধ্বস্ত হয়েছে।
পশ্চিম গৌরিপুর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান রফি উল্লাহ জানান, তার ইউনিয়নে একশ' কাঁচা ঘর-বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। ব্যাপক ক্ষতি হয়েছে ফসলের।
সুনামগঞ্জের ছাতক উপজেলার গোবিন্দগঞ্জে ঝড়ে ব্যাপক ক্ষতি হয়েছে। ছাতকের দক্ষিণ খুরমা, উত্তর খুরমা, চরমহল্লা, জাউয়া ও সৈয়দের গাঁও ইউনিয়নে বিধ্বস্ত হয়েছে তিন শতাধিক ঘরবাড়ি। ছাতক উপজেলার ধারণ বাজার ও জাউয়াবাজারে ৩০টি দোকান এবং বেশ কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত হয়েছে। সিলেট-সুনামগঞ্জ সড়কে ঝড়ের কারণে গাছ পড়ায় প্রায় আধঘণ্টা যান চলাচল বন্ধ ছিল।
ছাতক উপজেলা নির্বাহী কর্মকর্তা রফিকুল আলম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ক্ষতিগ্রস্তদের পূনর্বাসন এবং ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণের কাজ চলছে।
এ ব্যাপারে সিলেটের জেলা প্রশাসক হারুন-উর-রশীদ খান জানান, কেবলমাত্র দক্ষিণ সুরমা উপজেলায় ঝড়ের খবর উপজেলা প্রশাসন থেকে তাকে অবহিত করা হয়েছে। তিনি দক্ষিণ সুরমায় ঝড় কবলিত এলাকা পরিদর্শনকালে জানান, ক্ষতিগ্রস্তদের প্রয়োজনীয় সহযোগিতা করা হবে। নিরূপণ করা হচ্ছে ক্ষয়ক্ষতির পরিমাণ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/১৮২৪ ঘ.
bdnews24