ঢাকা, এপ্রিল ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সালাউদ্দিন কাদের (সাকা) চৌধুরী তার বিরুদ্ধে দায়ের করা দুর্নীতি মামলায় সাক্ষীর জবানবন্দি ও জেরাসহ আদালতের প্রতিদিনের কার্যক্রমের অডিও রেকর্ডিং করে তা দেওয়ার আবেদন জানিয়েছেন।
বুধবার সংসদ ভবনের বিশেষ জজ আদালত-৪ এর বিচারক শামসুন্নাহার বেগমের কাছে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সংসদ বিষয়ক উপদেষ্টা এ আবেদন জানান।
এর পাশাপাশি তাকে সাক্ষীদের জেরা করার অনুমতি বাতিল করে আইনজীবী দিয়ে মামলা পরিচালনার জন্য গত ৬ এপ্রিল আদালত যে আদেশ দিয়েছিল তা পুনর্বিবেচনারও আবেদন জানান তিনি।
সাকা চৌধুরী আদালতকে বলেন, "আপনি আমাকে জেরা করতে নিষেধ করেছেন। কিন্তু আইনজীবী নিয়োগ করার মত টাকা আমার কাছে নেই। আমার সব অ্যাকাউন্ট জব্দ করা হয়েছে। আমাকে জেরা করতে না দিলে আইনজীবীকেও দেওয়ার দরকার নেই।"
আদালতে দেওয়া আবেদনে তিনি বলেন, "আদালতে আমি অপ্রাসঙ্গিক বিষয় কি বলেছি বা কি প্রশ্ন করেছি তার অডিও রেকর্ড দিতে হবে। একই সঙ্গে প্রতিদিনের আদালতের কার্যক্রমেরও অডিও রেকর্ড দিনশেষে দিতে হবে।"
গত ৬ এপ্রিল সাকা চৌধুরীকে একটি লিখিত আদেশ দেয় আদালত। এতে বলা হয়, 'জেরার নামে বাদীকে হেনস্তা করাসহ আপনি বিভিন্ন অপ্রাসঙ্গিক কথা ও শব্দ উচ্চারণ করে অট্টহাসিতে ফেটে পড়েন যা চরমভাবে আদালত অবমাননাকর।'
এর আগ পর্যন্ত আদালতের অনুমতি নিয়ে সাকা চৌধুরী নিজেই তার মামলা পরিচালনা করছিলেন।
চলতি বছরের ১৩ জুন সম্পত্তির তথ্য গোপন ও জানা আয়ের উৎস বহির্ভূত সম্পত্তি অর্জনের অভিযোগে সাকা চৌধুরীর বিরুদ্ধে রমনা থানায় মামলা দায়ের করেন দুর্নীতি দমন কমিশনের সহকারী পরিচালক আকতার হামিদ ভূঁইয়া।
মামলার অভিযোগে বলা হয়েছে, আসামি অবৈধভাবে ৯ কোটি ৪৫ লাখ ৫২ হাজার ৬শ' ৩২ টাকার সম্পত্তি অর্জন করেছেন। একই সঙ্গে ৯১ লাখ ৪২ হাজার টাকার সম্পত্তির তথ্য গোপন করেছেন।
সালাউদ্দিন কাদের চৌধুরীকে গত ৩ ফেব্র"য়ারি গভীর রাতে গ্রেপ্তার করে যৌথবাহিনী।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিসি/এসকে/১৯৪৬ঘ.
bdnews24