ঢাকা, এপ্রিল ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - দেশে চাল সঙ্কটের কারণে ভাতের পাশাপাশি আলু খাওয়ার অভ্যাস গড়ে তোলার আহ্বান জানিয়েছেন কৃষি উপদেষ্টা ড. সি এস করিম ও সেনাপ্রধান জেনারেল মইন উ আহমেদ।
ঢাকার র্যাডিসন ওয়াটার গার্ডেন হোটেলে বুধবার আলু দিয়ে তৈরি খাবারের প্রদর্শনী উদ্বোধন শেষে সংবাদ সম্মেলনে তারা এ আহ্বান জানান।
'পটেটো ফিস্ট' নামের প্রদর্শনীটি আয়োজন করেছে হোটেল র্যাডিসন কর্তৃপক্ষ। এটি চলবে ২২ তারিখ পর্যন্ত।
সংবাদ সম্মেলনে কৃষি উপদেষ্টা বলেন, "দেশে চালের উৎপাদন কমে যাওয়ায় মধ্যে একটি ভালো খবর হল এবার আলুর বাম্পার ফলন হয়েছে। ভাতের পাশাপশি আলু খেয়েও পুষ্টি চাহিদা মেটানো সম্ভব। এজন্য জনগণের খাদ্যাভাসে আলুর পরিমাণ বাড়ানো যেতে পারে।"
জেনারেল মইন উ আহমেদ বলেন, "দেশে গতবছর পাঁচটি প্রাকৃতিক দুর্যোগ হয়েছে। এতে ২০ লাখ টন চালের উৎপাদন ব্যহত হয়েছে। এমন অবস্থায় ভাতের ওপর চাপ কমাতে আলু খাওয়ার অভ্যাস বাড়াতে হবে।"
সংবাদ সম্মেলনে জানানো হয়, দেশে এ বছর উৎপাদিত ৮০ লাখ টন আলুর মধ্যে মাত্র ২২লাখ টন সংরক্ষণ সম্ভব। এ অবস্থায় কৃষকদের ক্ষতি কাটাতে এবং তাদের উৎসাহ দিতে বেশি পরিমাণে আলু খাওয়ার অভ্যাস বাড়াতে হবে।
ভাতের পাশাপাশি আলু দিয়ে তৈরি কতরকম তরকারি খাওয়া যেতে পারে- সেটি জানাতে 'পটেটো ফিস্ট' আয়োজন করেছে হোটেল র্যাডিসন। সাতদিনব্যাপী উৎসবে আলুর ১৪০টিরও বেশি রেসিপি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এনএ/এসএনডি/এমএ/১৯২৫ঘ.
bdnews24