ঢাকা, এপ্রিল ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - জাতীয় নির্বাচনের পর তত্ত্বাবধায়ক সরকারের নেওয়া সংস্কার কার্যক্রম এগিয়ে নিতে জনমতই চালিকা শক্তি হিসেবে কাজ করবে বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র উপদেষ্টা ইফতেখার আহমেদ চৌধুরী।
বুধবার হেরিটেজ ফাউন্ডেশন আয়োজিত 'সংস্কার প্রচেষ্টা ও নির্বাচন পরবর্তী প্রেক্ষাপট' শীর্ষক একটি সেমিনারের প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন। জানানো হয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে ।
নির্বাচনী আইন সংস্কার, দুর্নীতি বিরোধী অভিযান, স্থানীয় সরকার কাঠামো শক্তিশালীকরণ, নির্বাহী বিভাগ থেকে বিচার বিভাগ আলাদা করা, প্রশাসনকে রাজনীতিমুক্তকরণ ও মানবাধিকার কমিশন গঠনকে বর্তমান তত্ত্বাবধায়ক সরকারের বেশ কিছু ইতিবাচক কার্যক্রম হিসেবে উল্লেখ করেন উপদেষ্টা।
জনগণের সার্বক্ষণিক পর্যবেক্ষণ ভবিষ্যতে এ কার্যক্রমগুলোকে ঠিকপথে এগিয়ে নিয়ে যাবে বলে আশা প্রকাশ করেন তিনি।
সংস্কার কার্যক্রমকে একটি ধারাবাহিক প্রক্রিয়া হিসেবে বর্ণনা করে ইফতেখার আহমেদ বলেন, "আশাকরি ভবিষ্যত নির্বাচিত সরকার এ প্রক্রিয়াকে এগিয়ে নিয়ে যাবে, কারণ তাতে দেশের উপকার হবে।"
তিনি আরো বলেন, "রাজনৈতিক দলের সংস্কার করা সরকারের কাজ নয়, তবে সরকারের এ ধরনের মনোভাব রাজনৈতিক দলগুলোর ভেতরে কাক্সিক্ষত পরিবর্তন সাধনে সহায়ক হিসেবে কাজ করবে।"
রাজনৈতিক দলগুলোর সঙ্গে প্রাক সংলাপে অংশ নেওয়া পাঁচ উপদেষ্টা দলের অন্যতম সদস্য ইফতেখার আহমেদ চৌধুরী সংলাপ সম্পর্কে বলেন, "আমরা এখনো আনুষ্ঠানিক আলোচনার বিষয় নিয়ে আলোচনা করছি। আনুষ্ঠানিক সংলাপ শুরু হওয়ার পর আরও বস্তুনিষ্ঠ বিষয়ে আলোচনা হবে বলে আশা করছি।"
চলমান প্রাক সংলাপ যথেষ্ট ফলপ্রসূ হচ্ছে বলে মন্তব্য করেন তিনি।
বিচারপতি মোস্তফা কামালের সভাপতিত্বে সেমিনারে আরো উপস্থিত ছিলেন রাষ্ট্রদূত ওয়ালি-উর রহমান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিএইচ/এমএ/১৭৪৮ঘ.
bdnews24